প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন
১৫। উক্ত আইনের ধারা ২ এর—
(ক) দফা (৫) এ উল্লিখিত “বোর্ড” শব্দটির পরিবর্তে “কর কমিশনার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) দফা (৬) এ উল্লিখিত “বোর্ড” শব্দটির পরিবর্তে “কর কমিশনার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(গ) দফা (১১) বিলুপ্ত হইবে;
(ঘ) দফা (১৩) এর উপ-দফা (চ) এর পর নিম্নরূপ নূতন উপ-দফা (ছ) সংযোজিত হইবে, যথা:-
“(ছ) কোনো পরিসম্পদের অর্জন যাহা—
(অ) প্রাকৃতিক নহে;
(আ) কোনো ব্যক্তির স্বীয় সৃষ্টি নহে;
(ই) দায় বা বন্ধকের বিপরীতে অধিগ্রহণ (foreclosure) নহে;
(ঈ) উত্তরাধিকার, উইল, অছিয়ত বা ট্রাস্টমূলে অর্জিত নহে;
(উ) বিনিময় বা ক্রয়মূলে অর্জিত নহে;”;
(ঙ) দফা (২৫) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২৫) প্রতিস্থাপিত হইবে, যথা:—
“(২৫) “কর্মচারী” অর্থ যেকোনো কর্মচারী এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণ ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(অ) কোনো কোম্পানির ক্ষেত্রে, উহার যেকোনো পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক এবং পদবি নির্বিশেষে ব্যবস্থাপনার সহিত সম্পর্কিত কোনো দায়িত্ব পালন করেন এইরূপ কোনো ব্যক্তি;
(আ) কোম্পানি ব্যতীত অন্য কোনো ব্যবসায়ের ক্ষেত্রে, পদবি নির্বিশেষে ব্যবসায়ের ব্যবস্থাপনার সহিত সম্পর্কিত কোনো দায়িত্ব পালন করেন এইরূপ কোনো ব্যক্তি;
(ই) এইরূপ কোনো ব্যক্তি যিনি নিয়োগকারী হইতে বেতন প্রাপ্ত হন, নিয়োগকারীর নিয়ন্ত্রণাধীন ও নিয়োগকারীর নির্দেশনা মোতাবেক পরিচালিত হন এবং নিয়োগকারী কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসরণ করে কাজ করেন;
(ঈ) ধারা ৩২ অনুযায়ী চাকরি হইতে আয় প্রাপ্ত হয় এইরূপ সকল ব্যক্তি:
তবে শর্ত থাকে যে, চা-বাগানের কোনো শ্রমিক এবং দিনমজুর ইহার অন্তর্ভুক্ত হইবে না;”;
(চ) দফা (২৬) এর পর নিম্নরূপ নূতন দফা (২৬ক) ও (২৬খ) সংযোজিত হইবে, যথা:-
“(২৬ক) “কর কমিশনার” অর্থ ধারা ৪ এ উল্লিখিত এবং ধারা ৫ এর অধীন নিযুক্ত বা পদায়িত কর কমিশনার, মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল) ও মহাপরিচালক (পরিদর্শন);
(২৬খ) “কর নির্ধারণ” অর্থ এই আইনের অধীন যেকোনো প্রকারের কর নির্ধারণ এবং পুনঃকর নির্ধারণ, অতিরিক্ত কর নির্ধারণ, অধিকতর কর নির্ধারণও ইহার অন্তর্ভুক্ত হইবে;”;
(ছ) দফা (৩৬) এর পর নিম্নরূপ নূতন দফা (৩৬ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(৩৬ক) “চার্টার্ড সেক্রেটারি” অর্থ চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ (২০১০ সনের ২৫ নং আইন) এর ধারা ২ এর দফা (৬) এ সংজ্ঞায়িত কোনো চার্টার্ড সেক্রেটারি;”;
(জ) দফা (৪৩) এর শর্তাংশ এর-
(অ) অনুচ্ছেদ (অ) এ উল্লিখিত “জাতীয় রাজস্ব বোর্ড” শব্দগুলির পরিবর্তে “কর কমিশনার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(আ) অনুচ্ছেদ (আ)(২) এ উল্লিখিত “২০ (বিশ) লক্ষ” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “১ (এক) কোটি” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(ঝ) দফা (৫৭) এর পর নিম্নরূপ নূতন দফা (৫৭ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(৫৭ক) “ফাইন্যান্স কোম্পানি” অর্থ ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৯ নং আইন) এর ধারা ২ এর দফা (১৭) তে সংজ্ঞায়িত কোনো ফাইন্যান্স কোম্পানি;”
(ঞ) দফা (৮১) এর-
(অ) উপ-দফা (ছ) তে উল্লিখিত “প্রাইভেট” শব্দটি বিলুপ্ত হইবে;
(আ) শর্তাংশ (ই) তে উল্লিখিত “উপ-দফা (ঙ)” শব্দ ও বন্ধনীর পরিবর্তে “উপ-দফা (ছ)” শব্দ ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
(ট) দফা (৮৯) এর পর নিম্নরূপ নূতন দফা (৮৯ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(৮৯ক) “স্বীকৃত করদায়” অর্থ দাখিলকৃত রিটার্ন বা সংশোধিত রিটার্ন এর ভিত্তিতে, ক্ষেত্রমত, ধারা ১৭৩, ১৭৪ বা ১৮১ অনুযায়ী পরিগণিত প্রদেয় আয়কর দায়;”।