প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪

( ২০২৪ সনের ০৯ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

পরিশোধ ব্যবস্থার অনুমোদন, লাইসেন্স, পরিচালনা, ইত্যাদি

অনুমোদন বা লাইসেন্স প্রদান

৫।   (১) পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণ, পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা ইলেকট্রনিক মুদ্রায় পরিশোধ সেবা প্রদান করিতে ইচ্ছুক কোনো ব্যাংক-কোম্পানি এই আইনের অধীন অনুমোদন প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ফরমে, পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন করিতে পারিবে।

(২) পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা প্রদান করিতে ইচ্ছুক কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি এই আইনের অধীন লাইসেন্স প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ফরমে, পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন করিতে পারিবে।

(৩) পরিশোধ সেবা-সংক্রান্ত কোনো উদ্ভাবনী উদ্যোগের ব্যবহারিক সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক তৎকর্তৃক প্রণীত প্রবিধানের আলোকে নির্ধারিত সময়ের জন্য উক্ত উদ্যোগ গ্রহণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানিকে উক্ত উদ্যোগ পরীক্ষামূলকভাবে পরিচালনার অনুমোদন প্রদান করিতে পারিবে এবং কোনো উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের নিকট পরীক্ষামূলকভাবে সফল বলিয়া বিবেচিত হইলে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি উপ-ধারা (২) এর অধীন লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদন করিতে পারিবে।

(৪) উপ-ধারা (১) বা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর বাংলাদেশ ব্যাংক উক্ত আবেদন পত্রে উল্লিখিত তথ্যাবলি বা সংযোজিত দলিলাদি যাচাইবাছাই পূর্বক সন্তুষ্ট হইলে আবেদনকারী বরাবর অনুমোদন বা, ক্ষেত্রমত, লাইসেন্স প্রদান করিবে।

(৫) উপ-ধারা (১) বা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর বাংলাদেশ ব্যাংক উক্ত আবেদন পত্রে উল্লিখিত তথ্যাবলি বা সংযোজিত দলিলাদি যাচাইবাছাই পূর্বক সন্তুষ্ট না হইলে কারণ উল্লেখপূর্বক লিখিতভাবে উক্ত আবেদন প্রত্যাখ্যান করিবে।

(৬) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ ব্যাংক তৎকর্তৃক প্রদত্ত কোনো অনুমোদন বা লাইসেন্সের যেকোনো শর্ত পরিবর্তন বা বাতিল করিতে পারিবে।

(৭) এই আইন বা তদধীন প্রণীত কোনো প্রবিধানের কোনো বিধান লঙ্ঘন করিলে অথবা পরিশোধ ব্যবস্থা বা পরিশোধ সেবার জন্য ক্ষতিকর কার্যকলাপ রোধকল্পে, জনস্বার্থে, বাংলাদেশ ব্যাংক এই আইনের অধীন প্রদত্ত অনুমোদন বা, ক্ষেত্রমত, লাইসেন্স কারণ উল্লেখপূর্বক লিখিতভাবে স্থগিত বা প্রত্যাহার করিতে পারিবে।

(৮) উপ-ধারা (৫), (৬) বা (৭) এর অধীন প্রদত্ত কোনো আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যাংক-কোম্পানি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের নিকট উক্ত আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করিতে পারিবে এবং এতদ্‌বিষয়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs