প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪

( ২০২৪ সনের ০৯ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

পরিশোধ ব্যবস্থার অনুমোদন, লাইসেন্স, পরিচালনা, ইত্যাদি

পরিশোধ ব্যবস্থায় সেবাদানের নিয়মাবলি

৮।   (১) প্রত্যেক পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী ও পরিশোধ সেবাদানকারী স্ব স্ব প্রতিষ্ঠানের অনুশাসন, পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত প্রবিধান অনুসরণ করিয়া নিয়মাবলি প্রণয়ন ও প্রকাশ করিবে।

(২) উপ-ধারা (১) এর অধীন প্রণীত নিয়মাবলিতে তারল্য, নিষ্পত্তি ও কারিগরি ঝুঁকি ব্যবস্থাপনা, সুশাসন, নিরবচ্ছিন্ন পরিচালন, আপৎকালীন ব্যবস্থা, বিরোধ নিষ্পত্তি, গ্রাহক সেবা ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়াদি অন্তর্ভুক্ত থাকিবে:

তবে শর্ত থাকে যে, উক্ত নিয়মাবলি নৈর্ব্যক্তিক, বৈষম্যহীন ও সংগতিপূর্ণ হইতে হইবে এবং উহাতে গ্রাহকের অধিকারকে বাধাগ্রস্ত করিবে এইরূপ কোনো বিধান অন্তর্ভুক্ত করা যাইবে না:

আরো শর্ত থাকে যে, উক্ত নিয়মাবলির যতটুকু এই আইন বা বাংলাদেশ ব্যাংকের এতদ্‌সংক্রান্ত বিধি, প্রবিধান, নির্দেশনা বা আদেশের সহিত অসামঞ্জস্যপূর্ণ হইবে উক্ত নিয়মাবলির ততটুকু অবৈধ ও বাতিল বলিয়া গণ্য হইবে।

(৩) বাংলাদেশ ব্যাংক, সময় সময়, পরিশোধ ব্যবস্থার সহিত সম্পর্কিত প্রতিষ্ঠানের অনুশাসন, পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য নিয়মাবলি প্রণয়ন করিতে পারিবে।

(৪) কোনো পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারী নিম্নলিখিত শর্ত প্রতিপালন ব্যতীত উহার পরিশোধ ব্যবস্থায় এমন কোনো পরিবর্তন করিতে পারিবে না, যাহা উক্ত পরিশোধ ব্যবস্থা বা পরিশোধ সেবার কাঠামো বা পরিচালনকে প্রভাবিত করিবে, যথা:—

(ক) বাংলাদেশ ব্যাংক হইতে পূর্বানুমোদন গ্রহণ; এবং

(খ) বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণের পর গ্রাহককে উক্ত পরিবর্তনের বিষয়ে অন্যূন ৩০(ত্রিশ) দিনের নোটিশ প্রদান:

তবে শর্ত থাকে যে, বাংলাদেশ ব্যাংক, জনস্বার্থে, গ্রাহককে নোটিশ প্রদান ব্যতিরেকে, পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীকে উহার পরিশোধ ব্যবস্থায় পরিবর্তন করিবার নির্দেশ বা অনুমতি প্রদান করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs