প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও দায়িত্ব
১৮। (১) বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে কার্যরত সকল পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীর কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান, তদারকি ও নিয়ন্ত্রণ করিবে।
(২) পরিশোধ কার্যক্রমের উন্নয়ন, নির্ভরশীলতাজনিত ঝুঁকিসহ সম্ভাব্য অন্যান্য ঝুঁকি হ্রাসকল্পে বাংলাদেশ ব্যাংক নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করিবে, যথা:—
(ক) পরিশোধ কার্যক্রমের আধুনিকায়নের লক্ষ্যে এতদ্সংক্রান্ত নীতিমালা প্রণয়ন;
(খ) গ্রাহকের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন এবং প্রযোজ্য ক্ষেত্রে নির্দেশনা প্রদান; এবং
(গ) পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীর কার্যক্রমের মানদণ্ড, পদ্ধতি ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় নির্ধারণপূর্বক উহাদের প্রয়োগ নিশ্চিতকরণ।
(৩) বাংলাদেশ ব্যাংক পরিশোধ সেবা সংক্রান্ত উদ্ভাবনী উদ্যোগের ব্যবহারিক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নীতিগত সহায়তা প্রদান করিতে পারিবে।
(৪) বাংলাদেশ ব্যাংক জনস্বার্থে, পরিশোধ ব্যবস্থার উন্নয়নে বা পরিশোধ সেবার জন্য ক্ষতিকর কার্যকলাপ রোধকল্পে পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী, পরিশোধ সেবাদানকারী, উহাদের নিযুক্ত এজেন্টসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে যেকোনো বিষয়ে লিখিতভাবে নির্দেশ প্রদান করিতে পারিবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উক্ত নির্দেশ পালন করিতে বাধ্য থাকিবে।