প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪

( ২০২৪ সনের ০৯ নং আইন )

চতুর্থ অধ্যায়

বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও দায়িত্ব

বাংলাদেশ ব্যাংকের পরিচালন ভূমিকা

২০।  (১) বাংলাদেশ ব্যাংক পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী এবং পরিশোধ সেবাদানকারীকে পরিশোধ, নিকাশ ও নিষ্পত্তি সংক্রান্ত সুবিধাদি প্রদান করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ ব্যাংক নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিতে পারিবে, যথা :—

(ক) পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থা সংস্থাপন, পরিচালন, অংশগ্রহণ ও নিজে বা পৃথক সাবসিডিয়ারি কোম্পানি গঠনের মাধ্যমে মালিকানা ধারণ;

(খ) লেনদেনের নিকাশ ও নিষ্পত্তির লক্ষ্যে পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীর হিসাব ধারণ;

(গ) পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীর হিসাবে অর্থ ও সরকারি সিকিউরিটিজ সংরক্ষণ;

(ঘ) পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীগণের পরিশোধ, নিকাশ ও নিষ্পত্তি কার্যক্রম পরিচালনার্থে তারল্য সুবিধা প্রদান;

(ঙ) সরকারি সিকিউরিটিজ-এর ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় সরকারি সিকিউরিটিজ ডিপোজিটরি ও সরকারি সিকিউরিটিজ সেটেলমেন্ট ব্যবস্থা পরিচালনা।

(৩) বাংলাদেশ ব্যাংক, সরকারের সহিত পরামর্শক্রমে, বাংলাদেশ ব্যাংক ডিজিটাল মুদ্রা ইস্যু ও উহার পরিচালনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবে।

(৪) উপধারা (৩) এ বাংলাদেশ ব্যাংক ডিজিটাল মুদ্রা ইস্যু, পরিচালনা এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs