প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪

( ২০২৪ সনের ০৯ নং আইন )

পঞ্চম অধ্যায়

পরিশোধ ও নিষ্পত্তি

নিষ্পত্তি কার্যক্রম

২৫।   (১) বাংলাদেশ ব্যাংক বা তৎকর্তৃক মনোনীত কোনো ব্যাংক-কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীকে নিষ্পত্তি সেবা প্রদান করিতে পারিবে।

(২) বাংলাদেশ ব্যাংক হইতে নিষ্পত্তি সেবা গ্রহণের ক্ষেত্রে পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী—

(ক) বাংলাদেশ ব্যাংকের সহিত নির্ধারিত শর্তে, অন্যান্যের মধ্যে, নিষ্পত্তি কার্যক্রম পরিচালনার্থে চলতি ব্যাংক হিসাব খুলিয়া উহাতে পর্যাপ্ত স্থিতি সংরক্ষণ করিতে পারিবে; এবং

(খ) পরস্পরের মধ্যে নিকাশ কার্যক্রম হইতে উদ্ভূত দায় নিষ্পত্তির নিমিত্ত বাংলাদেশ ব্যাংকে রক্ষিত অন্য কোনো হিসাবধারীকে উহার নিষ্পত্তি প্রতিনিধি হিসাবে নিয়োগ করিতে পারিবে।

(৩) বাংলাদেশ ব্যাংক, প্রয়োজনে, নিষ্পত্তি সেবা গ্রহণের নিমিত্ত পরিশোধ কার্যক্রম সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানকে ব্যাংক হিসাব খুলিবার অনুমতি প্রদান করিতে পারিবে।

(৪) উপ-ধারা (২) এর দফা (খ) এর উদ্দেশ্য পূরণকল্পে, পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী বা পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারী উহাদের নিষ্পত্তি প্রতিনিধি কর্তৃক নিষ্পত্তি কার্যক্রম আরম্ভের পূর্বে উভয়ের মধ্যে সম্পাদিত চুক্তির অনুলিপি বাংলাদেশ ব্যাংক বা তৎকর্তৃক মনোনীত ব্যাংক-কোম্পানির নিকট প্রেরণ করিবে।

(৫) পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী উহাদের নিষ্পত্তি প্রতিনিধির নিয়োগ বাতিল করিতে চাহিলে উক্ত নিয়োগ বাতিলের প্রস্তাবিত তারিখের অন্যূন ৭(সাত) কর্মদিবস পূর্বে বাংলাদেশ ব্যাংককে লিখিতভাবে অবহিত করিবে।

(৬) এই ধারার অধীন নিস্পত্তি সেবা প্রদান, নিষ্পত্তি প্রতিনিধি নিয়োগ, নিষ্পত্তি প্রতিনিধির দায়িত্ব ও কর্তব্য, এখতিয়ার, অধিকার, সম্মানি, দায়বদ্ধতা, নিষ্পত্তি প্রতিনিধির নিয়োগ বাতিল এবং নিষ্পত্তি কার্যক্রম সংক্রান্ত আনুষঙ্গিক অন্যান্য বিষয়াবলি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs