প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০২৪

( ২০২৪ সনের ১০ নং আইন )

তহবিল গঠন ও পরিচালনা

১২।   (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি তহবিল নামে একাডেমির একটি তহবিল থাকিবে।

(২) তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:-

(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;

(খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো উৎস হইতে গৃহীত ঋণ;

(গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার নিকট হইতে প্রাপ্ত অনুদান ও ঋণ;

(ঘ) একাডেমি কর্তৃক গৃহীত বিভিন্ন ফি বাবদ প্রাপ্ত অর্থ;

(ঙ) একাডেমির নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয়;

(চ) সরকার কর্তৃক অনুমোদিত কোনো তফসিলি ব্যাংকে গচ্ছিত বা জমাকৃত অর্থ হইতে প্রাপ্ত মুনাফা, সুদ বা আয়;

(ছ) একাডেমির প্রশিক্ষণ সেবা, গবেষণা ও পরামর্শ এবং প্রকাশনা হইতে প্রাপ্ত আয়; এবং

(জ) সরকারের পূর্বানুমোদনক্রমে, অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ।

(৩) তহবিলের অর্থ পরিচালনা পর্ষদ কর্তৃক নির্দিষ্টকৃত কোনো তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে।

(৪) একাডেমির কার্যাবলি সম্পাদন এবং মহাপরিচালক ও কর্মচারীদের বেতন, ভাতা ও আনুষঙ্গিক সকল ব্যয় তহবিল হইতে নির্বাহ করা হইবে।

(৫) তহবিল হইতে অর্থ উত্তোলন পদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, "তফসিলি ব্যাংক" অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O.127 of 1972) এর Article 2(j)-তে সংজ্ঞায়িত Scheduled Bank |


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs