প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৭ নং অধ্যাদেশ )

অভিযোগ ও প্রতিকার, ইত্যাদি

১৪। (১) নিরীক্ষিত প্রতিষ্ঠান কর্তৃক নিরীক্ষা সংক্রান্ত বা নিরীক্ষকগণের পেশাগত নৈতিকতার ব্যত্যয় সংক্রান্ত অভিযোগ উত্থাপিত হইলে, অভিযোগের যথার্থ ভিত্তি রহিয়াছে মর্মে নিশ্চিত হইয়া, মহা হিসাব-নিরীক্ষক, অভিযোগ আমলে গ্রহণ করিবেন এবং আনীত অভিযোগের বিষয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যথাযথ তদন্ত অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করিবেন।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত তদন্ত প্রতিবেদনের আলোকে মহা হিসাব-নিরীক্ষক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবেন।

(৩) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এই অধ্যাদেশ বা অন্য কোনো আইনের অধীন গৃহীত হিসাব নিরীক্ষা কার্যক্রমে নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মচারী তথ্য প্রদানসহ হিসাব নিরীক্ষা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করিবেন।

(৪) নিরীক্ষাকালে নিরীক্ষিত প্রতিষ্ঠান কর্তৃক কোনো মন্তব্য বা মতামত প্রদান করিলে নিরীক্ষক উহা চূড়ান্ত হিসাব নিরীক্ষা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করিতে পারিবেন।

(৫) হিসাব নিরীক্ষা কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করিবার লক্ষ্যে হিসাব নিরীক্ষা প্রতিবেদন রাষ্ট্রপতি কর্তৃক সংসদে পেশের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করিতে হইবে।

ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “নিরীক্ষাধীন প্রতিষ্ঠান” অর্থ মহা হিসাব-নিরীক্ষকের হিসাব নিরীক্ষার আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠান।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs