প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

অস্থায়ী প্রশাসন

প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ যোগ্যতা

২২। (১) বাংলাদেশ ব্যাংক, কোনো তফসিলি ব্যাংকে প্রশাসক নিয়োগের পর উক্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও উক্ত তফসিলি ব্যাংকের ওয়েবসাইট এবং বাংলাদেশে বহুল প্রচারিত অন্যূন একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করিবে।

(২) প্রশাসক হিসাবে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি নির্ধারণ করিবার ক্ষেত্রে, ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ১৫ এর উপ-ধারা (৬) ও (১২) এর অধীন তফসিলি ব্যাংকের পরিচালকগণের জন্য নির্ধারিত যোগ্যতা ও উপযুক্ততার মানদণ্ড প্রযোজ্য হইবে:

তবে শর্ত থাকে যে, ইসলামি ব্যাংকের ক্ষেত্রে, প্রশাসক বা, ক্ষেত্রমত, তাহার সহায়তাকারী কর্মকর্তাগণের ইসলামি ব্যাংকিং সংক্রান্ত দক্ষতা থাকিতে হইবে।

(৩) কোনো ব্যক্তি প্রশাসক হিসাবে নিযুক্ত হইবার যোগ্য হইবেন না, যদি-

(ক) উক্ত ব্যক্তি অস্থায়ী প্রশাসনের আওতাধীন তফসিলি ব্যাংকের পাওনাদার, সংশ্লিষ্ট ব্যক্তি বা শেয়ার ধারক হন;

(খ) উক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের রেকর্ড থাকে অথবা কোনো অনিষ্পন্ন দণ্ডাদেশ থাকে অথবা তিনি কোনো ফৌজদারি মামলার প্রতিপক্ষ হন;

(গ) কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে উক্ত ব্যক্তির মেয়াদোত্তীর্ণ দায় থাকে;

(ঘ) উক্ত ব্যক্তি ইতঃপূর্বে দেউলিয়া ঘোষিত হন; এবং

(ঙ) উক্ত ব্যক্তির অস্থায়ী প্রশাসনের অধীন তফসিলি ব্যাংকের সহিত স্বার্থের সংঘাত থাকে।

(৪) প্রশাসক একজন স্বতন্ত্র ব্যক্তি হইবেন যাহার অস্থায়ী প্রশাসনের আওতাধীন তফসিলি ব্যাংকের কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আর্থিক বা অন্যবিধ কোনো স্বার্থ থাকিবে না।

(৫) কোনো ব্যক্তি কোনো তফসিলি ব্যাংকের প্রশাসক হিসাবে নিযুক্ত হইবার পর যদি উক্ত ব্যাংকের কার্যকলাপে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আর্থিক বা অন্যবিধ কোনো স্বার্থ অর্জন করেন, তাহা হইলে তিনি বাংলাদেশ ব্যাংককে উক্ত বিষয়টি অবহিত করিবেন এবং অবিলম্বে প্রশাসক হিসাবে কাজ করা বন্ধ করিবেন।

(৬) উপ-ধারা (৫) এর উদ্দেশ্য পূরণকল্পে, “স্বার্থ” অর্থে প্রশাসক বা তাহার পরিবারের, উক্ত তফসিলি ব্যাংকে ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থ অন্তর্ভুক্ত হইবে, যাহা নিম্নবর্ণিত বিষয়ের সহিত সম্পর্কিত-

(ক) ব্যাংকের প্রতি বা ব্যাংক কর্তৃক কোনো দায় অথবা ব্যাংকের সম্পদের উপর মালিকানা স্বত্ত্ব;

(খ) পূর্ববর্তী ৫ (পাঁচ) বৎসরে ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাবে ব্যাংকের সহিত সম্পর্ক;

(গ) ব্যাংকের সামগ্রিক সম্পদের সহিত প্রতিযোগিতামূলক সংঘাত ঘটায় এইরূপ সম্পদের মালিকানা;

(ঘ) পূর্ববর্তী ৫ (পাঁচ) বৎসরে তফসিলি ব্যাংকের সহিত কর্মসংস্থানগত সম্পর্ক; এবং

(ঙ) তফসিলি ব্যাংকের অস্থায়ী প্রশাসনের পরিধির মধ্যে প্রশাসককে নিরপেক্ষভাবে কার্য সম্পাদনে বাধা প্রদান করিতে পারবে এইরূপ অন্যান্য স্বার্থ।

(৭) আশু সংশোধনমূলক ব্যবস্থার অধীন নিযুক্ত অস্থায়ী প্রশাসনের মেয়াদ হইবে নিয়োগের তারিখ হইতে অনধিক ১২ (বারো) মাস এবং রেজল্যুশনের ক্ষেত্রে, অস্থায়ী প্রশাসনের মেয়াদ, রেজল্যুশন কার্যক্রমের উদ্দেশ্যসমূহ পূরণের জন্য প্রয়োজনীয় সময় সাপেক্ষে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হইবে।

(৮) বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ বা অস্থায়ী প্রশাসনের মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তি, ক্ষেত্রমত, যথাযথ কারণসহ, তফসিলি ব্যাংককে লিখিতভাবে অবহিত করিবে।

(৯) কোনো প্রশাসক উপ-ধারা (২), (৩) বা (৪) এর বিধান অনুযায়ী অযোগ্য বলিয়া বিবেচিত হইলে বাংলাদেশ ব্যাংক অন্য কোনো ব্যক্তিকে প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করিবে।

(১০) উপ-ধারা (১১) এর বিধান সাপেক্ষে, প্রশাসককে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক প্রদান করা হইবে।

(১১) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত শর্তানুসারে, প্রশাসকের পারিশ্রমিকসহ অস্থায়ী প্রশাসনের সকল ব্যয় অস্থায়ী প্রশাসনের আওতাধীন তফসিলি ব্যাংক কর্তৃক নির্বাহ করা হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs