প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ )

চতুর্থ অধ্যায়

রেজল্যুশন টুলস

ব্রিজ ব্যাংক (Bridge Bank) প্রতিষ্ঠা

৩০। (১) রেজল্যুশনের অধীন এক বা একাধিক তফসিলি ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যাবলি এবং কার্যকর কার্যক্রম অব্যাহত রাখিবার এবং পর্যায়ক্রমে উহাদের তৃতীয় পক্ষের নিকট বিক্রয় করিবার উদ্দেশ্যে, বাংলাদেশ ব্যাংক, ধারা ৩১ এর উপ-ধারা (৪) এ উল্লিখিত শর্তাবলি পরিপালন সাপেক্ষে, এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করিবার সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে।

(২) বাংলাদেশ ব্যাংক, ব্রিজ ব্যাংক কার্যকর করিবার উদ্দেশ্যে, উক্ত তফসিলি ব্যাংকের মালিকানাধীন বা ইস্যুকৃত সকল অথবা অংশবিশেষ সম্পদ, দায়, আইনি অধিকার ও বাধ্যবাধকতা বা অন্যান্য সিকিউরিটি ইন্সট্রুমেন্ট ব্রিজ ব্যাংকে হস্তান্তর করিতে পারিবে:

তবে শর্ত থাকে যে, ব্রিজ ব্যাংকে হস্তান্তরিত দায়সমূহের মোট পরিমাণ কোনোভাবেই হস্তান্তরিত সম্পদ এবং ক্ষেত্র বিশেষে, আমানত সুরক্ষা তহবিল, ব্যাংক পুনর্গঠন ও রেজল্যুশন তহবিল এবং/অথবা সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য সম্পদের চাইতে অধিক হইবে না।

(৩) বাংলাদেশ ব্যাংক, উপ-ধারা (১) এর অধীন গৃহীত সিদ্ধান্ত, উক্ত সিদ্ধান্ত গ্রহণের ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট এবং বাংলাদেশে বহুল প্রচারিত অন্যূন একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করিবে।

(৪) বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করিবার জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে, যথাশীঘ্র সম্ভব, ব্রিজ ব্যাংককে লাইসেন্স প্রদান করিবে।

(৫) ব্রিজ ব্যাংকের গঠনতন্ত্রীয় দলিলের বিষয়বস্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত হইতে হইবে।

(৬) ব্রিজ ব্যাংকের কার্যক্রম উপ-ধারা (৪) এর অধীন লাইসেন্স ইস্যু করিবার তারিখের পরবর্তী প্রথম কার্যদিবস হইতে আরম্ভ হইবে।

(৭) ব্রিজ ব্যাংক, রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংক হইতে অর্জিত আমানতের উপর সুদ হার হ্রাস বা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে, যাহা আমানতকারীগণের নিকট বিজ্ঞপ্তি আকারে প্রেরণের তারিখ হইতে কার্যকর হইবে।

(৮) ব্রিজ ব্যাংকের কার্যক্রম আরম্ভ হইবার পর, বাংলাদেশ ব্যাংক কর্তৃক রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের লাইসেন্স প্রত্যাহার করা হইবে এবং অবশিষ্ট সম্পদ ও দায়সমূহ অবসায়ন করা হইবে।

(৯) বাংলাদেশ ব্যাংক, ব্রিজ ব্যাংককে রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের ধারাবাহিকতা হিসাবে বিবেচনা করিতে পারিবে এবং হস্তান্তরিত সম্পদ, অধিকার বা দায়ের উপর রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংক কর্তৃক প্রয়োগযোগ্য যেকোনো অধিকার প্রয়োগ করিবার ক্ষমতা অর্পণ করিতে পারিবে।

(১০) বাংলাদেশ ব্যাংক রেজল্যুশন টুলস প্রয়োগের সহিত সঙ্গতি রাখিয়া রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের শেয়ার ধারক, দায়ী ব্যক্তি, এডিশনাল টিয়ার ১ মূলধন উপাদান ধারক, টিয়ার ২ মূলধন উপাদান ধারক, টিয়ার ২ মূলধন উপাদান ধারক ব্যতীত সাবঅর্ডিনেটেড ডেট হোল্ডারের উপর লোকসান আরোপ করিতে উহার ক্ষমতা প্রয়োগ করিবে।

(১১) ব্রিজ ব্যাংক ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর অধীন লাইসেন্স প্রাপ্ত এবং একটি পাবলিক লিমিটেড কোম্পানি হইবে।

(১২) ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রযোজ্য মানদণ্ড বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs