প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ )

চতুর্থ অধ্যায়

রেজল্যুশন টুলস

ব্রিজ ব্যাংকের কার্যক্রম পরিচালনা

৩১। (১) ব্রিজ ব্যাংকের কার্যক্রম পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত থাকিবে, যাহা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত হইবে।

(২) ব্রিজ ব্যাংকের পরিচালনা পর্যদের সদস্যগণ বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত হইবেন এবং মুখ্য ব্যবস্থাপনা কর্মীগণ, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে, ব্রিজ ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক নিযুক্ত হইবেন।

(৩) ব্রিজ ব্যাংকের মূলধন নিম্নবর্ণিত এক বা একাধিক উৎস হইতে সংগৃহীত হইবে, যথা:-

(ক) ধারা ৩৩ এ উল্লিখিত রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের মূলধন এবং যোগ্য দায়সমূহের হ্রাস এবং/অথবা রূপান্তরের মাধ্যমে;

(খ) সরকার কর্তৃক প্রদত্ত; এবং

(গ) ব্যাংক পুনর্গঠন ও রেজল্যুশন তহবিল:

তবে শর্ত থাকে যে, এই ধারার কোনো কিছুই বাংলাদেশ ব্যাংককে ব্রিজ ব্যাংকের অনুকূলে জরুরি তারল্য সহায়তা প্রদান এবং প্রচলিত বাজারে তারল্য সঞ্চালন প্রক্রিয়া অনুসরণ অথবা ঋণ প্রদান করা হইতে বারিত করিবে না:

আরও শর্ত থাকে যে, এই ধারার অধীনে ব্রিজ ব্যাংককে মূলধন সরবরাহ বাংলাদেশ ব্যাংককে উক্ত ব্রিজ ব্যাংকের উপর নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করা হইতে বারিত করিবে না।

(৪) ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা ও পরিচালনার শর্তাবলির মধ্যে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথা:-

(ক) মূলধন সংস্থান;

(খ) পরিচালন তহবিল এবং তারল্য সহায়তা;

(গ) তফসিলি ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য প্রুডেন্সিয়াল এবং অন্যান্য তত্ত্বাবধানমূলক ও নিয়ন্ত্রণমূলক আবশ্যকতা হইতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান; এবং

(ঘ) সুশাসনের আবশ্যকতা (Governance requirements)।

(৫) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, বাংলাদেশ ব্যাংকের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:-

(ক) রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের সম্পদ ও দায়সমূহ, সময় সময়, ব্রিজ ব্যাংকে হস্তান্তর;

(খ) উপ-ধারা (৬) এর বিধান সাপেক্ষে, ব্রিজ ব্যাংক হইতে সকল অথবা আংশিক সম্পদ ও দায় রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকে প্রত্যর্পণ (revese transfer);

(গ) ব্রিজ ব্যাংক হইতে সম্পদ ও দায়, আইনি অধিকার এবং বাধ্যবাধকতা (obligations) অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর; এবং

(ঘ) ব্রিজ ব্যাংকের সমাপ্তি এবং নিয়মানুযায়ী অবসায়নে সহায়তা।

(৬) উপ-ধারা (৫) এর অধীন হস্তান্তরিত সম্পদ ও দায়, আইনি অধিকার ও বাধ্যবাধকতা নিম্নবর্ণিত যেকোনো পরিস্থিতিতে রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকে প্রত্যাবর্তিত হইবে-

(ক) যেক্ষেত্রে ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্তে উক্তরূপ প্রত্যর্পণের সম্ভাবনার সুস্পষ্ট বিধান রাখা হইয়াছে;

(খ) যেক্ষেত্রে রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংক হইতে ব্রিজ ব্যাংকে হস্তান্তরিত সম্পদ ও দায়, আইনি অধিকার ও বাধ্যবাধকতা উক্ত হস্তান্তরের শর্তাবলি পূরণ করে না অথবা ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্তে উল্লিখিত সম্পদ ও দায়, আইনি অধিকার ও বাধ্যবাধকতা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত শ্রেণিসমূহের মধ্যে পড়ে না; অথবা

(গ) যেক্ষেত্রে সম্পদ ও দায়, আইনি অধিকার ও বাধ্যবাধকতা হস্তান্তরের সময় সংঘটিত মূল্যায়ন ত্রুটি (valuation error) সংশোধন করা প্রয়োজন হয়।

(৭) রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের কোনো শেয়ার ধারক অথবা পাওনাদার এবং অন্য কোনো তৃতীয় পক্ষ, যাহাদের শেয়ার, সম্পদ ও দায়, আইনি অধিকার ও বাধ্যবাধকতা এবং মালিকানার অন্যান্য দলিল ব্রিজ ব্যাংকে হস্তান্তর করা হয় নাই, তাহাদের, ব্রিজ ব্যাংক, উহার পরিচালনা পর্যদ অথবা বাংলাদেশ ব্যাংকের নিকট হস্তান্তরিত সম্পদ ও দায়, আইনি অধিকার ও বাধ্যবাধকতার উপর, কোনো অধিকার থাকিবে না।

(৮) রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের সুরক্ষিত আমানতকারীগণের পাওনার সমন্বয়ে ব্রিজ ব্যাংকে হস্তান্তরিত দায় গঠিত হইবে।

(৯) রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের নিকট উক্ত ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহের পাওনা ব্রিজ ব্যাংকে হস্তান্তর করা যাইবে না।

(১০) উপ-ধারা (৪) এর দফা (গ) অনুযায়ী সাময়িক কোনো অব্যাহতি প্রদান করা না হইলে ব্রিজ ব্যাংক, কোনো তফসিলি ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য প্রুডেন্সিয়াল এবং অন্যান্য তত্ত্বাবধানমূলক ও নিয়ন্ত্রণমূলক বাধ্যবাধকতা পরিপালন করিবে।

(১১) রেজল্যুশনের উদ্দেশ্যসমূহ বিবেচনাক্রমে, বাংলাদেশ ব্যাংক, সময় সময়, নিম্নবর্ণিত বিষয় সন্নিবেশপূর্বক ব্রিজ ব্যাংকের কর্মপরিচালনা সংক্রান্ত গাইডলাইন্স প্রণয়ন প্রদান করিতে পারিবে, যথা:-

(ক) ব্রিজ ব্যাংকের কার্যক্রম পরিচালন পদ্ধতি;

(খ) ব্রিজ ব্যাংকের অনুকূলে মঞ্জুরিকৃত অব্যাহতি;

(গ) ব্রিজ ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য কর্পোরেট গভর্নেন্সের মূলনীতি;

(ঘ) ব্রিজ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং মুখ্য ব্যবস্থাপনা কর্মীগণের যোগ্যতা ও উপযুক্ততা মূল্যায়নের জন্য প্রযোজ্য মানদণ্ড;

(ঙ) সম্পদ ও দায়, আইনি অধিকার ও বাধ্যবাধকতা হস্তান্তরের ক্ষেত্রে বিবেচ্য বিষয়; এবং

(চ) ব্রিজ ব্যাংকে প্রাথমিকভাবে হস্তান্তরিত সম্পদ ও দায়সমূহ প্রত্যাবর্তনের পদ্ধতি ও পরিস্থিতি।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs