প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
ষষ্ঠ অধ্যায়
তফসিলি ব্যাংকের অবসায়ন
৫৪। (১) হাইকোর্ট বিভাগ কর্তৃক অবসায়ন আদেশ জারির তারিখ হইতে ৩ (তিন) মাসের মধ্যে অবসায়ক অবসায়নাধীন তফসিলি ব্যাংকের জন্য একটি বিস্তারিত অবসায়ন পরিকল্পনা প্রস্তুত করিবেন এবং উক্ত পরিকল্পনা অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করিবেন।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত অবসায়ন পরিকল্পনায় নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথা:-
(ক) অবসায়নাধীন তফসিলি ব্যাংকের সম্পদ ও দায় অন্তর্ভুক্ত করিয়া প্রণীত হালনাগাদ আর্থিক অবস্থার বিবরণী;
(খ) অবসায়নাধীন তফসিলি ব্যাংকের পূর্ববর্তী ২ (দুই) বৎসরের আয় ও ব্যয়ের ত্রৈমাসিক বিবরণী এবং পরবর্তী ২ (দুই) বৎসরের সম্ভাব্য আয় ও ব্যয়ের প্রক্ষেপণ;
(গ) অবসায়নাধীন তফসিলি ব্যাংকের মূল সম্পদ বা সম্পদসমষ্টি বিক্রয় এবং বিক্রয় পরিকল্পনার প্রতিবেদন;
(ঘ) অবসায়নাধীন তফসিলে ব্যাংকের দাবি আদায়ের লক্ষ্যে অনুসৃতব্য বিচারিক এবং অন্যান্য পদক্ষেপ সংবলিত একটি বিবরণী, যাহাতে কোনো জালিয়াতিপূর্ণ হস্তান্তর এবং তদ্ধীন সৃষ্ট কোনো অধিকার বাতিল সংক্রান্ত পদক্ষেপসমূহ অন্তর্ভুক্ত থাকিবে;
(ঙ) অবসায়নাধীন তফসিলি ব্যাংকের পরিচালক বা কর্মকর্তাগণের অপরাধ ও অন্যান্য অবৈধ কার্যক্রম এবং উক্ত পরিচালক বা কর্মকর্তাগণের নিকট হইতে তফসিলি ব্যাংকের ক্ষতিপূরণ আদায়ের পদক্ষেপ সংক্রান্ত প্রতিবেদন;
(চ) অবসায়নাধীন তফসিলি ব্যাংকের বীমা, কর্মসংস্থান এবং পরিষেবা চুক্তির মতো চলমান চুক্তিসমূহের ধারাবাহিকতা বা অবসানের প্রতিবেদন, যাহাতে উক্ত ব্যাংকের কর্মচারীগণের জন্য আর্থিক বিধানাবলির বিস্তারিত বিশ্লেষণ থাকিবে;
(ছ) অবসায়নাধীন তফসিলি ব্যাংকের দায় এবং উহার পাওনাদারগণের পাওনা পরিশোধসূচি সংক্রান্ত প্রতিবেদন; এবং
(জ) অবসায়নাধীন তফসিলি ব্যাংকের অবসায়নের পরবর্তী ২ (দুই) বৎসরের অনুমিত ভবিষ্যৎ খরচ এবং সম্ভাব্য অবসায়ন ব্যয়ের প্রতিবেদন।
(৩) বাংলাদেশ ব্যাংক অবসায়ক কর্তৃক দাখিলকৃত অবসায়ন পরিকল্পনার বিষয়ে সন্তুষ্ট হইলে, উক্ত পরিকল্পনা অনুমোদন করিবে এবং অবসায়ককে লিখিতভাবে উক্ত অনুমোদন সম্পর্কে অবহিত করিবে।
(৪) অবসায়ন পরিকল্পনা অনুমোদিত হইবার পর, অবসায়ক বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও উক্ত তফসিলি ব্যাংকের ওয়েবসাইট এবং বাংলাদেশে বহুল প্রচারিত অন্যূন একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় সপ্তাহে একবার করিয়া ধারাবাহিকভাবে ৩ (তিন) সপ্তাহ এতদ্সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করিবেন।
(৫) উপ-ধারা (৪) এ উল্লিখিত বিজ্ঞপ্তিতে ধারা ৬১ এর অধীন নিবন্ধিত দাবিদারগণ কখন এবং কোথায় অবসায়ন পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের হালনাগাদ তথ্য পরিদর্শন করিতে পারিবেন সে সংক্রান্ত তথ্য থাকিবে।
(৬) অবসায়ক অবসায়ন পরিকল্পনা ত্রৈমাসিকভাবে হালনাগাদ করিবেন এবং অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করিবেন।