প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
ষষ্ঠ অধ্যায়
তফসিলি ব্যাংকের অবসায়ন
৫৮। (১) অবসায়ন আদেশ জারির তারিখ হইতে ৪ (চার) মাসের মধ্যে অবসায়ক, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে, এক মাস পূর্বে লিখিত বিজ্ঞপ্তি জারির শর্তে এবং উক্ত সময়ে বলবৎ অন্য কোনো আইনের বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত চুক্তির অবসান করিতে পারিবেন, যথা:-
(ক) অবসায়নাধীন তফসিলি ব্যাংকের সহিত সম্পাদিত যেকোনো কর্মসংস্থান চুক্তি;
(খ) কোনো পরিষেবা চুক্তি যাহাতে উক্ত তফসিলি ব্যাংক পক্ষভুক্ত; এবং
(গ) উক্ত তফসিলি ব্যাংকের দায় সংক্রান্ত কোনো চুক্তি যাহাতে নিম্নবর্ণিত দায় অন্তর্ভুক্ত থাকিতে পারে, যথা:-
(অ) তফসিলি ব্যাংক কর্তৃক প্রদত্ত কোনো ঋণ বা বিনিয়োগ সুবিধার অধীন দায়;
(আ) ইজারাগ্রহীতা হিসাবে দায়;
(ই) সিকিউরিটিজ, পরিশোধের দলিল অথবা বৈদেশিক মুদ্রা সরবরাহ অথবা গ্রহণের বাধ্যবাধকতা;
(ঈ) ঋণপত্রের অধীন দায়: এবং
(উ) গ্যারান্টি, বিকল্প এবং অন্যান্য আকস্মিক দায়ের অধীন সৃষ্ট দায়।
(২) উপ-ধারা (১) এর অধীন জারীকৃত বিজ্ঞপ্তির বিষয়ে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি, উক্ত বিজ্ঞপ্তি জারির তারিখ হইতে এক মাসের মধ্যে উহার বিরুদ্ধে আপিল করিতে পারিবেন।