প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৭। (১) এই অধ্যাদেশ কার্যকর হইবার পর, সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে একটি নূতন বিভাগ প্রতিষ্ঠা করিবে যাহা অর্থ মন্ত্রণালয়ের অধীন হইবে।
(২) সরকার রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের জন্য যথাযথ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করিবে।
(৩) সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রহিয়াছে এইরূপ যোগ্য কোনো সরকারি কর্মচারীকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে 1[নিয়োগ] প্রদান করিবে।
2[(৪) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আয়কর, মূল্য সংযোজন কর, কাস্টমস আইন বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মানব সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হইবে।
(৫) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদসমূহ রাজস্ব আহরণ ও জনপ্রশাসন সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হইবে।
(৬) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক তফসিলে বর্ণিত আইনসমূহ বাস্তবায়ন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের পদসমূহ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীগণ হইতে পূরণযোগ্য হইবে।]
(৭) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারী) ক্যাডারে কর্মরত কর্মকর্তাগণের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হইবে।
(৮) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, ইহার ক্যাডার বহির্ভূত সকল কর্মচারীর নিয়োগ, পদোন্নতি, পদায়ন এবং শৃঙ্খলা সংক্রান্ত বিভাগীয় যাবতীয় কার্যক্রম সম্পাদন করিবে।
(৯) আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এ উল্লিখিত আপিল আয়কর কর্তৃপক্ষ, কাস্টমস আইন ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এ উল্লিখিত কমিশনার অব কাস্টমস (আপিল) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এ উল্লিখিত কমিশনার (আপিল) অফিসসমূহ রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের নিয়ন্ত্রণাধীন থাকিবে।