প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৩। (১) এই অধ্যাদেশ কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, National Board of Revenue Order, 1972 (President's Order No. 76 of 1972), অতপর উক্ত Order বলিয়া উল্লিখিত, রহিত হইবে এবং উহার অধীন প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হইবে।
(২) ধারা ১০ এর উপ-ধারা (১) অনুসারে বিলুপ্ত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং এই ধারার উপ-ধারা (১) অনুসারে বিলুপ্ত জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক-
(ক) কৃত কোনো কাজ-কর্ম, গৃহীত কোনো ব্যবস্থা বা সুচিত কোনো কার্যধারা এই অধ্যাদেশের আওতায় কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
(খ) গৃহীত কোনো কার্যক্রম বা সূচিত কোনো কার্যধারা অনিষ্পন্ন বা চলমান থাকিলে এইরূপভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উহা এই অধ্যাদেশের অধীন গৃহীত বা সুচিত হইয়াছে;
(গ) প্রণীত কোনো বিধি বা প্রবিধান বা প্রদত্ত আদেশ বা নির্দেশ বা নোটিশ বা জারীকৃত প্রজ্ঞাপন বা নীতিমালা বা ব্যাখ্যা বা প্রকাশিত বিজ্ঞপ্তি বা সম্পাদিত অন্য কোনো আইনগত ইন্সট্রুমেন্ট, চুক্তি বা নিয়োগ উক্তরূপ রহিতকরণের অব্যবহিত পূর্বে বলবৎ থাকিলে, উহা রহিত বা পরিবর্তিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে;
(ঘ) কোনো মামলা বা আইনগত কার্যধারা কোনো আদালতে চলমান থাকিলে উহা এইরূপভাবে নিষ্পত্তি করিতে হইবে যেন উক্ত Order রহিত হয় নাই এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত হয় নাই;
(ঙ) এই অধ্যাদেশ কার্যকর হইবার তারিখে অনিষ্পন্ন কার্যাদি, যতদূর সম্ভব, এই অধ্যাদেশের বিধান অনুসারে নিষ্পন্ন করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, এই অধ্যাদেশ কার্যকর হইবার পূর্বে উক্ত Order এর অধীন নির্ধারিত কোনো আবেদনপত্র পেশের অথবা কোনো আপিল বা রিভিশন দায়েরের সময়সীমার মেয়াদ অবশিষ্ট থাকিলে, উক্ত মেয়াদ অব্যাহত থাকিবে; এবং
(চ) আরোপিত কোনো শুল্ক, কর, সারচার্জ, ফি বা অন্য কোনো পাওনা, এই অধ্যাদেশ কার্যকর হইবার অব্যবহিত পূর্বে অনাদায়ী থাকিলে বা কোনো বিষয় অনিষ্পন্ন থাকিলে উহা উক্ত Order এর বিধান অনুযায়ী এমনভাবে আদায় বা নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত Order রহিত হয় নাই।