প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ )

তৃতীয় অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের ধারা ২ এর সংশোধন

২৯। আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

(ক) দফা (১৯) এর পরিবর্তে নিম্নরূপ দফা (১৯) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“কমিশনার” অর্থ দফা (২৬ক) এ উল্লিখিত কর কমিশনার;

(খ) দফা (২২) এর উপ-দফা (ছ) এ উল্লিখিত “বিরুদ্ধে” শব্দের পরিবর্তে “ক্ষেত্রে” শব্দ প্রতিস্থাপিত হইবে;

(গ) দফা (২৩) বিলুপ্ত হইবে;

(ঘ) দফা (২৬ক) এ উল্লিখিত “ও মহাপরিচালক (পরিদর্শন);” শব্দগুলি, বন্ধনী ও চিহ্নগুলির পরিবর্তে “, মহাপরিচালক (পরিদর্শন), কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট), কর কমিশনার (আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট), কর কমিশনার (উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট) ও কর কমিশনার (ই-ট্যাক্স ব্যবস্থাপনা ইউনিট);” শব্দগুলি, বন্ধনীগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে;

(ঙ) দফা (৪৫) এর উপ-দফা (ক) এ উল্লিখিত “কোনো ব্যক্তি” শব্দগুলির পরিবর্তে “কোন স্বাভাবিক ব্যক্তি” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(চ) দফা (৪৮) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৪৮) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৪৮) “ন্যায্য বাজার মূল্য” অর্থ, কোনো মূলধনী সম্পদ বা ব্যবসা বা উদ্যোগ এর ক্ষেত্রে-

(ক) সংশ্লিষ্ট দিনে খোলা বাজারে উক্ত সম্পদ বা ব্যবসা বা উদ্যোগ বিক্রয় করা হইলে যেই মূল্য পাওয়া যাইতো সেই মূল্য, এবং, যেই ক্ষেত্রে উক্তরূপে মূল্য নিরূপণ করা সম্ভব নহে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট উপকর কমিশনার কর্তৃক, কর কমিশনারের লিখিত অনুমোদনক্রমে, ধার্যকৃত মূল্য;

(খ) বাংলাদেশ ব্যাংক হইতে লাইসেন্সপ্রাপ্ত কোনো ফাইন্যান্স কোম্পানি কর্তৃক কোনো সম্পদ ইজারা প্রদানের ক্ষেত্রে ইজারা চুক্তির মেয়াদপূর্তিতে বা অন্য কোনোভাবে উক্ত চুক্তির সমাপনান্তে ইজারাগ্রহীতার নিকট হইতে প্রাপ্ত অবশিষ্ট মূল্য:

তবে এইক্ষেত্রে শর্ত থাকে যে, এইরূপ অবশিষ্ট মূল্য এবং ইজারা চুক্তি বহাল থাকাকালীন উক্ত সম্পদের মূল্য বাবদ যেই পরিমাণ অর্থ আদায়কৃত হইয়াছে তাহার একত্রিত মূল্য ইজারাদাতা ফাইন্যান্স কোম্পানির অর্জনমূল্য বাবদ ব্যয়িত অর্থের চাইতে কম হইবে না;”;

(ছ) দফা (৫৪)-

(অ) এ উল্লিখিত “, সংস্থা” চিহ্ন ও শব্দ বিলুপ্ত হইবে;

(আ) উপ-দফা (ক) এ উল্লিখিত “কর্তৃপক্ষ, কোম্পানি, সংস্থা” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “কোম্পানি” শব্দ প্রতিস্থাপিত হইবে;

(ই) উপ-দফা (খ) এ উল্লিখিত “, সংস্থা” চিহ্ন ও শব্দ বিলুপ্ত হইবে;

(জ) দফা (৬২) এর উপ-দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(ক) কোনো সম্পত্তির যুক্তিসঙ্গত বার্ষিক ভাড়া;”;

(ঝ) দফা (৬৩) এর উপ-দফা (জ) এ উল্লিখিত “যাত্রীবাহী যানের” শব্দগুলির পরিবর্তে “মোটরযানের” শব্দ প্রতিস্থাপিত হইবে;

(ঞ) দফা (৭৭) এর উপ-দফা (গ) এ উল্লিখিত “শেয়ার বা স্টক” শব্দগুলির পরিবর্তে “সিকিউরিটিজ” শব্দ প্রতিস্থাপিত হইবে;

(ট) দফা (৮০) এর পর নিম্নরূপ নূতন দফা (৮০ক) সন্নিবেশিত হইবে, যথা:-

“(৮০ক) “রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ” অর্থ-

(ক) স্বাভাবিক ব্যক্তি (individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতার ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০ (ত্রিশ) তম দিন;

(খ) স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের ১৫ (পনেরো) তম দিন;

(গ) পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়বর্ষ শেষ হইবার পরবর্তী ৩০ জুন তারিখ;

(ঘ) বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে, তাহার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে ৯০ (নব্বই) তম দিন, যদি উক্তরূপ ব্যক্তি-

(অ) উচ্চ শিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাহিরে অবস্থান করেন; বা

(আ) অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশে বাহিরে অবস্থান করেন;

(ঙ) কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক অনুমোদিত তারিখ যাহা উপ-দফা (ক), (গ) ও (ঘ) এ উল্লিখিত দিন হইতে ৯০ (নব্বই) দিনের বেশি হইবে না;

যদি উপ-দফা (ক), (খ), (গ), (ঘ) ও (ঙ) এ উল্লিখিত দিন সরকারি ছুটির দিন হয়, তাহা হইলে উক্ত দিনের অব্যবহিত পরবর্তী কর্মদিবস।”;

(ঠ) দফা (৮১) এর পর শর্তাংশে উল্লিখিত উপ-দফা (ঈ) এর পর নিম্নরূপ নূতন দফা (উ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(উ) কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে গঠিত জয়েন্ট ভেঞ্চার কর্তৃক কর পরবর্তী মুনাফা স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য অংশীদারগণের মধ্যে বণ্টন করা হইলে উক্ত বন্টনকৃত অংশ;”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs