প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৩০ নং অধ্যাদেশ )

দ্বিতীয় অধ্যায়

অধিদপ্তর প্রতিষ্ঠা, কার্যাবলি, কর্মচারী, ইত্যাদি

অধিদপ্তরের কার্যাবলি

৭।  এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, অধিদপ্তর নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিতে পারিবে, যথা:-

(ক) ধারা ১০ এ উল্লিখিত সরকারি গেজেটে প্রকাশিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা ও ডাটাবেজ সংরক্ষণ, প্রয়োজন অনুযায়ী সংশোধন এবং হালনাগাদ আকারে সরকারি গেজেটে প্রকাশের জন্য সুপারিশ;

(খ) ধারা ১১ এ উল্লিখিত সরকারি গেজেটে প্রকাশিত আহত জুলাই যোদ্ধাদের তালিকা ও ডাটাবেজ সংরক্ষণ, প্রয়োজন অনুযায়ী সংশোধন এবং হালনাগাদ আকারে সরকারি গেজেটে প্রকাশের জন্য সুপারিশ;

(গ) জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধন ও পুনর্বাসনের লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত এককালীন ও মাসিক আর্থিক সহায়তা প্রদান;

(ঘ) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ;

(ঙ) জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধন ও পুনর্বাসন করিবার লক্ষ্যে, সরকারের পূর্বানুমোদনক্রমে, পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন;

(চ) জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে সুপ্রতিষ্ঠিত করিবার লক্ষ্যে, সরকারের পূর্বানুমোদনক্রমে, পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন; এবং

(ছ) জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধন ও পুনর্বাসনের লক্ষ্যে, দেশি-বিদেশী সরকারি বা স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ ও সমন্বয়সাধন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs