প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৩০ নং অধ্যাদেশ )

ষষ্ঠ অধ্যায়

বিবিধ

রহিতকরণ ও হেফাজত

২৫।  (১) এই অধ্যাদেশ কার্যকর হইবার সাথে সাথে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের ১১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ২৭ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের প্রজ্ঞাপন নং ০৪.০০.০০০০.৭১২.৯৯.০১৫.২১.১২৬ দ্বারা গঠিত ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’, অতঃপর বিলুপ্ত সেল বলিয়া অভিহিত, বিলুপ্ত হইবে।

(২) উপ-ধারা (১) এর অধীন বিলুপ্তি সত্ত্বেও-

(ক) বিলুপ্ত সেল কর্তৃক কৃত কোনো কাজ বা গৃহীত কোনো ব্যবস্থা বা জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন এই অধ্যাদেশের অধীন কৃত, গৃহীত বা জারীকৃত বলিয়া গণ্য হইবে; এবং

(খ) বিলুপ্ত সেলের-

(অ) স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি এবং উক্ত সম্পত্তিতে বা উহা হইতে উদ্ভূত অন্য সকল অধিকার ও স্বার্থ, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, সকল হিসাব বহি, রেকর্ড এবং অন্যান্য দলিল অধিদপ্তরের নিকট হস্তান্তরিত এবং উহার উপর ন্যস্ত হইবে; এবং

(আ) সকল দায় ও দায়িত্ব অধিদপ্তরের দায় ও দায়িত্ব বলিয়া গণ্য হইবে।

(৩) এই অধ্যাদেশ প্রণয়নের পূর্বে সরকার বা সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও সকল শ্রেণির আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধন ও পুনর্বাসনের লক্ষ্যে চিকিৎসা সুবিধা বা চিকিৎসার জন্য বিশেষ আর্থিক সহায়তা বা আর্থিক সহায়তা বা পুনর্বাসন বা অনুরূপ বিষয়ে যে সকল প্রজ্ঞাপন বা আদেশ বা নির্দেশ জারি করিয়াছে অথবা যে সকল কার্যক্রম গৃহীত বা সম্পাদিত হইয়াছে তাহা এই অধ্যাদেশের অধীন জারীকৃত বা গৃহীত বা সম্পাদিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs