প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
কর্তৃপক্ষের কার্যাবলি
২৬। (১) কর্তৃপক্ষ ওয়ানস্টপ সার্ভিস প্রবর্তন এবং এই লক্ষ্যে স্বতন্ত্র সুবিধাদিসহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিসের সহিত সংযোগ প্রতিষ্ঠা করিতে পারিবে।
(২) কর্তৃপক্ষ, গভর্নিং বোর্ডের অনুমোদনক্রমে, যথাশীঘ্র দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রণোদনা ও সুবিধাদি সংক্রান্ত গাইডলাইন ও প্রচারপত্র প্রস্তুত ও প্রচারের ব্যবস্থা করিতে পারিবে।
(৩) কর্তৃপক্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অনুকূলে শর্তপূরণপূর্বক সহজে পরিবেশ ছাড়পত্র প্রাপ্তির জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করিতে পারিবে।
(৪) কর্তৃপক্ষ ইহার অধিক্ষেত্রে বিনিয়োগকারীগণের আমদানি-রপ্তানি সহজীকরণের জন্য বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ডেডিকেটেড টার্মিনাল বা জেটি এবং শুল্ক ও রাজস্ব বিভাগের মাধ্যমে ডেডিকেটেড কাস্টমস-ইমিগ্রেশন-ক্লিয়ারেন্স এবং গ্রীণ চ্যানেলের সুবিধা প্রবর্তনে বিশেষ ভূমিকা গ্রহণ করিতে পারিবে।
(৫) কর্তৃপক্ষ, গেজেট প্রজ্ঞাপন দ্বারা, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনক্রমে, নির্দিষ্ট মেয়াদের জন্য কর্তৃপক্ষের এলাকায় বা বিশেষ অঞ্চলের বিনিয়োগের জন্য বিশেষ শুল্ক সুবিধা প্রদান করিতে কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর আওতায় নিম্নবর্ণিত বিশেষ বন্ডেড সুবিধাদি প্রদানে ভূমিকা গ্রহণ করিতে পারিবে, যথা:-
(ক) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন শিল্প-কারখানাসমূহে আমদানিকৃত কাঁচামালসহ কোনো দ্রব্যের উপর কাস্টমস রিজার্ভ, বিক্রয় কর, Octroi বা আবগারি শুল্ক বা আমদানি লাইসেন্স বা পারমিট ফি বা অন্য কোনো চার্জ; এবং
(খ) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন শিল্প-কারখানাসমূহ হইতে রপ্তানিকৃত বা রপ্তানির উদ্দেশ্যে দেশে ব্যবহৃত কোনো দ্রব্যের শুল্ক বা অন্য কোনো চার্জ।
(৬) কর্তৃপক্ষ অধিক্ষেত্রাধীন এলাকার রপ্তানিমুখী শিল্প-কারখানাসমূহের জন্য Bangladesh Export Processing Zones Authority Act, 1980 (Act No. XXXVI of 1980) এবং বাংলাদেশ বেসরকারী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ২০ নং আইন) এর বিধান অনুযায়ী একই ধরনের আর্থিক বিশেষ প্রণোদনা ও সুবিধাদি প্রদানে ভূমিকা গ্রহণ করিতে পারিবে।
(৭) কর্তৃপক্ষ, গভর্নিং বোর্ডের অনুমতিক্রমে, বিনিয়োগ আকর্ষণে উদ্ভাবনী পদক্ষেপ এবং আন্তর্জাতিক মান ও উত্তম চর্চার বাস্তবায়ন করিতে পারিবে।