প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশ )

পঞ্চম অধ্যায়

অব্যাহতি সংক্রান্ত বিষয়াদি

অব্যাহতি

২৪। (১) এই অধ্যাদেশের অন্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রে ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের প্রয়োজন হইলে উপাত্তধারীর সম্মতি গ্রহণ অব্যাহতিপ্রাপ্ত বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক) জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা, জনশৃঙ্খলা বা জনস্বার্থে;

(খ) উপযুক্ত এখতিয়ারসম্পন্ন আদালতের আইনসম্মত আদেশ মানিয়া চলা;

(গ) অপরাধ প্রতিরোধ, শনাক্তকরণ, অনুসন্ধান, তদন্ত বা প্রসিকিউশন;

(ঘ) কর ফাঁকি প্রতিরোধ বা শনাক্তকরণ;

(ঙ) জনস্বাস্থ্য, চিকিৎসা বা চিকিৎসাবিষয়ক জনস্বার্থ; যেমন- উপাত্তধারী বা অন্য ব্যক্তির জীবনরক্ষা বা স্বাস্থ্যঝুঁকিজনিত জরুরি চিকিৎসা পরিস্থিতিতে সাড়া প্রদান;

(চ) সরকারি তহবিলের অপব্যবহারের অনুসন্ধান বা তদন্ত;

(ছ) উপাত্তধারীর ব্যক্তিগত, বিনোদনমূলক বা গৃহস্থালি কার্যে ব্যবহার;

(জ) পরিসংখ্যান প্রস্তুতকরণ বা বৈজ্ঞানিক বা ঐতিহাসিক গবেষণা পরিচালনা;

(ঝ) জনস্বার্থে প্রকাশনা, সাংবাদিকতা, সংরক্ষণাগার সম্পর্কিত (Archival) শিক্ষা, শৈল্পিক কাজ বা সাহিত্য রচনা; এবং

(ঞ) উপরিউক্ত বিষয়সমূহের সহিত সম্পর্কিত প্রবিধান দ্বারা নির্ধারিত অন্য কোনো বিষয়।

(২) উপ-ধারা (১) এর অধীন উপাত্তধারীর উপাত্ত প্রক্রিয়াকরণের সম্মতিগ্রহণের অব্যাহতি কোনোভাবেই উপাত্ত প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, মজুত, ধারণ, প্রকাশ ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য বিধানাবলির প্রয়োগ হইতে অব্যাহতি প্রাপ্ত বলিয়া গণ্য হইবে না।

(৩) উপ-ধারা (১) ও (২) এর বিধান উপাত্ত প্রক্রিয়াকরণে উপাত্ত-জিম্মাদারসহ উক্ত কার্যে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

(৪) নিম্নবর্ণিত বিষয়ে এই ধারায় উল্লিখিত অব্যাহতির বিধান প্রযোজ্য হইবে না, যথা:-

(ক) এই অধ্যাদেশের অধীন আইনগত বাধ্যবাধকতা এড়াইবার উদ্দেশ্যে; বা

(খ) উপাত্তধারীর অধিকার ও স্বাধীনতার উপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব সৃষ্টি হইলে; বা

(গ) আইনগত কর্তৃত্ব, প্রয়োজনীয়তা বা নথিভুক্ত যুক্তি অনুপস্থিত থাকিলে।

(৫) অসৎ উদ্দেশ্যে অব্যাহতির বারংবার (repeatedly) ব্যবহার রোধকল্পে কর্তৃপক্ষ স্বীয় বিবেচনায়, বা কোনো উপাত্তধারীর আবেদনের পরিপ্রেক্ষিতে উক্তরূপ অব্যাহতির যথার্থতা পরীক্ষা ও পর্যালোচনা করিতে পারিবে, এবং কর্তৃপক্ষ উক্ত অসৎ উদ্দেশ্য বিদ্যমান থাকা সম্পর্কে নিশ্চিত হইলে উক্ত ক্ষেত্রে অব্যাহতি প্রযোজ্য নহে মর্মে উপাত্তধারী ও উপাত্ত-জিম্মাদারকে অবহিত করিবে।

(৬) এই ধারার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ প্রবিধান দ্বারা উপাত্ত-জিম্মাদার বা উপাত্ত প্রক্রিয়াকরণ ও ব্যবহারের সহিত সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য, অব্যাহতির ধরণ, মেয়াদকাল, মেয়াদোত্তীর্ণ হইলে করণীয়, এবং অব্যাহতিপ্রাপ্ত উপাত্তের তালিকা সংরক্ষণের নিয়মাবলি নির্ধারণ করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs