প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশ )

সপ্তম অধ্যায়

ব্যক্তিগত উপাত্তের শ্রেণিবিন্যাস, মজুত ও স্থানান্তর সংক্রান্ত বিধান

ব্যক্তিগত উপাত্তের শ্রেণিবিন্যাস

২৯। (১) তফসিলে বর্ণিত বৈশিষ্ট্যসমূহ বিবেচনা করিয়া সরকার ব্যক্তিগত উপাত্ত নিম্নবর্ণিতভাবে শ্রেণিবদ্ধ করিতে পারিবে, যথা:-

(ক) পাবলিক বা উন্মুক্ত ব্যক্তিগত উপাত্ত;

(খ) অভ্যন্তরীণ ব্যক্তিগত উপাত্ত;

(গ) গোপনীয় ব্যক্তিগত উপাত্ত;

(ঘ) সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্ত।

(২) সরকার কর্তৃপক্ষের সহিত আলোচনাক্রমে প্রয়োজনে উপ-ধারা (১) এ বর্ণিত শ্রেণির আলোকে তফসিল সংশোধন করিতে পারিবে।

(৩) উপ-ধারা (১) এর অধীন শ্রেণিবিন্যাসকৃত কোনো ব্যক্তিগত উপাত্ত এই ধারার শর্ত পূরণসাপেক্ষে বিদেশে স্থানান্তর করা যাইবে, যদি উহাতে-

(ক) সংশ্লিষ্ট উপাত্তধারীর সম্মতি থাকে; বা

(খ) উপাত্তধারী পক্ষভুক্ত রহিয়াছে এমন কোনো চুক্তির মাধ্যমে পণ্য বা পরিষেবা আদান প্রদানের বিষয় অন্তর্ভুক্ত থাকে; বা

(গ) উপাত্তধারীর সম্মতিতে তাহার স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা, শিক্ষা, বহির্গমন, অভিবাসন ইত্যাদি সম্পর্কিত বিষয় থাকে।

(৪) যেসকল স্থানে বা দেশে প্রবিধান দ্বারা নির্ধারিত ব্যক্তিগত উপাত্ত সংরক্ষণের উপযুক্ত প্রযুক্তি ও সরঞ্জাম বিদ্যমান রহিয়াছে কেবল সেইসকল স্থান বা দেশে আইনগতভাবে স্থানান্তরযোগ্য ব্যক্তিগত উপাত্ত স্থানান্তর করা যাইবে।

(৫) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত উপাত্ত ব্যবহারের ফলে উদ্ভূত যে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক ব্যবসায়িক বা বাণিজ্যিক লাভের উপর ফি বা চার্জ নির্ধারণ করিতে পারিবে।

(৬) সংবেদনশীল ব্যক্তিগত শণাক্তযোগ্য বিপুল পরিমাণ উপাত্তের আন্তঃসীমান্ত স্থানান্তরের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে।

ব্যাখ্যা।- এই উপ-ধারায় “সংবেদনশীল ব্যক্তিগত শনাক্তযোগ্য উপাত্ত” অর্থ নিম্নবর্ণিত এমন উপাত্ত, যাহার বিপুল পরিমাণে আন্তঃসীমান্ত স্থানান্তর রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বা আর্থিক স্থিতিশীলতার ঝুঁকি সৃষ্টি করিতে পারে; যথা:-

(ক) সরকারি একক পরিচিতি সংখ্যা: যেমন-(জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, করদাতা/টিআইএন/প্যান);

(খ) বায়োমেট্রিক শনাক্তকারী: যেমন-(আঙুলের ছাপ, মুখমণ্ডল শনাক্তকরণ তথ্য, আইরিস স্ক্যান);

(গ) জেনেটিক/ডিএনএ সম্পর্কিত তথ্য; এবং

(ঘ) অপরাধসংক্রান্ত রেকর্ড বা দণ্ড সংক্রান্ত তথ্য।

(৭) যেকোনো ব্যক্তিগত উপাত্ত দেশি বা বিদেশি যেকোনো ক্লাউড কম্পিউটারে স্থানান্তর, মজুদ, প্রক্রিয়াকরণ, ইত্যাদির ক্ষেত্রে-

(ক) বিধি (১) এর দফা (গ) এবং (ঘ) অনুযায়ী শ্রেণিবদ্ধ উপাত্তের পূর্ণাঙ্গ উপাত্ত-ডিকশনারি কর্তৃপক্ষকে প্রদান করিতে হইবে;

1[(খ) ধারা ২৯ এর উপ-ধারা (১) এর দফা (ঘ) তে বর্ণিত সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশ) এর ধারা ২ এর উপ-ধারা (১) এর দফা (জ) এ সংজ্ঞায়িত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (Critical Information Infrastructure-CII) সমূহের ক্ষেত্রে ক্লাউডে রাখা উপাত্তের অন্তত একটি সিংক্রনাইজড্‌ রিয়াল-টাইম কপি বাংলাদেশের অভ্যন্তরে রাখিতে হইবে;]

(গ) কর্তৃপক্ষ যদি কোনো উপাত্ত জিম্মাদারের স্বীয় বা প্রক্রিয়াকারকের ব্যবহৃত ক্লাউড এর ভৌগোলিক অবস্থান কিংবা বাণিজ্যিক রকমভেদ কিংবা অন্য কোনো বিষয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ কিংবা জননিরাপত্তার হুমকি, যাহা বাংলাদেশের নাগরিকের উপাত্ত চ্যুতির প্রমাণ পায় বা এইরূপ কার্যে উহাকে শনাক্ত করে, তাহা হইলে এইরূপ প্রতিষ্ঠানকে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার পুনর্বিন্যাস, স্থানান্তর, কিংবা এইরূপ ক্লাউডের ব্যবহার ৬০ (ষাট) দিনের মধ্যে রহিত করিতে আদেশ প্রদান করিতে পারিবে।

(৮) কর্তৃপক্ষ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs