প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা
১৩। কমিশন নিম্নবর্ণিত সকল বা যেকোনো কার্যাবলি সম্পাদন করিবে, যথা:-
(ক) কোনো রাষ্ট্রীয় বা সরকারি প্রতিষ্ঠান বা শৃঙ্খলা-বাহিনী বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক মানবাধিকার লঙ্ঘন বা লঙ্ঘনের প্ররোচনা সম্পর্কিত কোনো অভিযোগ স্বতঃপ্রণোদিত হইয়া কিংবা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে অনুসন্ধান ও, ক্ষেত্রমত, তদন্ত করা;
(খ) মানবাধিকার লঙ্ঘন বা লঙ্ঘিত হইতে পারে এমন অভিযোগের উপর তদন্ত ও অনুসন্ধান করিয়া মধ্যস্থতা ও সমঝোতার মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি করা;
(গ) মানবাধিকার লঙ্ঘনের দায়ে আদালতে মামলা বা আইনগত কার্যধারা দায়ের করা কিংবা বিচারাধীন কোনো মামলায় বা আইনগত কার্যধারায় পক্ষ হইয়া প্রতিদ্বন্দ্বিতা করা;
(ঘ) কমিশনে অভিযোগ দায়েরের জন্য সংক্ষুব্ধ ব্যক্তি বা সংক্ষুব্ধ ব্যক্তির পক্ষে অন্য কোনো ব্যক্তিকে আইনি সহায়তা প্রদান করা;
(ঙ) নারী অধিকার নিশ্চিতকরণ ও বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ ও উহার লঙ্ঘন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ;
(চ) শিশু অধিকার নিশ্চিতকরণসহ উহার লঙ্ঘন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ;
(ছ) প্রতিবন্ধী ও অন্যান্য সংকটাপন্ন (vulnerable) গোষ্ঠীর অধিকার নিশ্চিত ও বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ করা ও লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
(জ) মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্তের জন্য চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা;
(ঝ) কারাগার ও হাজতখানাসহ যেকোনো আটককেন্দ্র, নিরাপত্তা হেফাজত, শিশু উন্নয়ন কেন্দ্র কিংবা চিকিৎসা বা ভিন্নরূপ কল্যাণার্থে মানুষকে অন্তরীণ রাখা হয় এমন কোনো স্থানের বাসিন্দাদের বসবাসের অবস্থা পরিদর্শন করা এবং এইরূপ স্থান ও অবস্থার উন্নয়নের জন্য সরকারের নিকট প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা;
(ঞ) মানবাধিকার সংরক্ষণের জন্য সংবিধান বা আপাতত বলবৎ কোনো আইনের অধীন স্বীকৃত ব্যবস্থাদি পর্যালোচনা করা এবং উহাদের কার্যকর বাস্তবায়নের জন্য সরকারের নিকট সুপারিশ করা;
(ট) বাংলাদেশের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে এই অধ্যাদেশে সংজ্ঞায়িত মানবাধিকারের আওতাবহির্ভূত, এমন মানবাধিকারসমূহের বলবৎযোগ্যতা সম্প্রসারণের জন্য সরকারের নিকট প্রয়োজনীয় সুপারিশ করা;
(ঠ) মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও প্রশাসনিক নির্দেশনা প্রণয়নের বিষয়ে সরকারকে পরামর্শ ও সহযোগিতা প্রদান করা;
(ড) দেশের প্রচলিত আইন ও প্রশাসনিক কর্মসূচির মাধ্যমে গৃহীতব্য ব্যবস্থা যাহাতে আন্তর্জাতিক মানবাধিকার মানের ও নিয়মের হয় সেই লক্ষ্যে সরকারের নিকট সুপারিশ করা;
(ঢ) মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে বিঘ্ন সৃষ্টিকারী কার্যক্রম ও এতদ্সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা এবং যথাযথ প্রতিকারের জন্য সরকারের নিকট সুপারিশ করা;
(ণ) মানবাধিকার বিষয়ক চুক্তি এবং অন্যান্য আন্তর্জাতিক দলিলাদির উপর গবেষণা করা এবং উহাদের বাস্তবায়নের জন্য সরকারের নিকট সুপারিশ করা;
(ত) আন্তর্জাতিক মানবাধিকারের মানের সহিত কোনো প্রস্তাবিত আইনের সাদৃশ্য পরীক্ষা করা এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের সহিত উহাদের সমন্বয় নিশ্চিত করিবার স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় সংশোধন সুপারিশ করা;
(থ) আন্তর্জাতিক মানবাধিকার দলিলের অনুসমর্থন বা উহাতে স্বাক্ষর প্রদানে সরকারকে পরামর্শ প্রদান এবং উহাদের বাস্তবায়ন নিশ্চিত করা;
(দ) মানবাধিকার সংরক্ষণে নিয়োজিত ব্যক্তিদের (Human rights defenders) হয়রানি হইতে সুরক্ষা প্রদান করা এবং মানবাধিকার প্রয়োগের লক্ষ্যে কর্মরত সংগঠন বা প্রতিষ্ঠান এবং সাধারণভাবে নাগরিকদের পরামর্শ ও সহায়তা প্রদান করা;
(ধ) সংশ্লিষ্ট বিষয়ে নাগরিক সংগঠনসমূহের সহিত নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখা এবং মানবাধিকারের উন্নয়নে অংশীদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ করা;
(ন) মানবাধিকার বিষয়ে বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রচেষ্টাকে উৎসাহ প্রদান এবং উক্তরূপ সংস্থা বা প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয় করা;
(প) মানবাধিকার বিষয়ে গবেষণা করা, ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং শিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠানে উহাদের বাস্তবায়নে ভূমিকা পালন করা;
(ফ) সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে মানবাধিকার শিক্ষার প্রচার এবং প্রকাশনা ও অন্যান্য উপায়ে মানবাধিকার সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা;
(ব) মানবাধিকার বিষয়ে গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এবং অনুরূপ অন্যবিধ ব্যবস্থার মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করা এবং গবেষণালব্ধ ফলাফল প্রকাশ ও প্রচার করা;
(ভ) মানবাধিকার সংরক্ষণ বিষয়ে শৃঙ্খলা-বাহিনীর সদস্যসহ সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা;
(ম) মানবাধিকার উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় বিবেচিত অন্য যেকোনো কার্য করা; এবং
(য) অন্য কোনো আইন দ্বারা কমিশনের উপর মানবাধিকার সংরক্ষণ সম্পর্কিত কোনো দায়িত্ব অর্পন করা হইলে উহা পালন করা এবং এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব প্রয়োগ করা।