প্রিন্ট ভিউ

আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৬৪ নং অধ্যাদেশ )

এই অধ্যাদেশ আমানত সুরক্ষা আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৫ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

দ্বিতীয় অধ্যায়

আমানত সুরক্ষার দায়িত্ব ও কর্তৃত্ব এবং এতদ্সংক্রান্ত ব্যবস্থাপনা

আমানত সুরক্ষার দায়িত্ব ও কর্তৃত্ব

৪।   (১) এই অধ্যাদেশের অধীন, বাংলাদেশ ব্যাংকের, সদস্য প্রতিষ্ঠানের আমানত সুরক্ষা সংক্রান্ত সকল ক্ষমতা প্রয়োগ এবং এতদ্‌সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালনের কর্তৃত্ব থাকিবে।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত ক্ষমতা ও দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কার্যক্রম হইতে স্বতন্ত্র ও পৃথক হইবে।

আমানত সুরক্ষা বিভাগ

৫।  এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ ব্যাংক, আমানত সুরক্ষা সংক্রান্ত ক্ষমতা, দায়িত্ব এবং কার্যাবলি প্রয়োগ, পালন ও সম্পাদনের নিমিত্ত আমানত সুরক্ষা বিভাগ (Deposit Protection Department) নামে একটি স্বতন্ত্র ও পৃথক বিভাগ গঠন করিতে পারিবে।

আমানত সুরক্ষা বিভাগের ক্ষমতা ও দায়িত্ব

৬। (১) দৈনন্দিন কার্যাবলি সম্পাদনের জন্য আমানত সুরক্ষা বিভাগের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:-

(ক) সার্কুলার, সার্কুলার লেটার, নির্দেশনা, গাইডলাইন জারি;

(খ) সদস্য প্রতিষ্ঠানসমূহের নিকট হইতে সরাসরি তথ্য-উপাত্ত সংগ্রহ;

(গ) বাংলাদেশ ব্যাংকের অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের নিকট হইতে সদস্য প্রতিষ্ঠানসমূহের তথ্য-উপাত্ত সংগ্রহ;

(ঘ) এই অধ্যাদেশে বর্ণিত নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ছকে অবসায়কের নিকট হইতে আমানতকারীর তথ্য সংগ্রহ;

(ঙ) সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, বা ক্ষেত্রমত, বিশেষ পরিদর্শন;

(চ) দেশীয় ও আন্তর্জাতিক উৎস হইতে কারিগরি, প্রযুক্তিগত এবং অন্যান্য সহায়তা গ্রহণ;

(ছ) বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে অবস্থিত আর্থিক খাত সংশ্লিষ্ট সংস্থাসমূহ হইতে পারস্পরিক তথ্য-উপাত্ত বিনিময়;

(জ) বাংলাদেশ ব্যাংকের অন্যান্য পরিদর্শন বিভাগকে, প্রয়োজনে, পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণের অনুরোধ জ্ঞাপন;

(ঝ) ধারা ২৭ ও ২৮ এর অধীন জরিমানা আরোপ, আদায় ও আইনগত ব্যবস্থা গ্রহণ;

(ঞ) গ্রাহকের আমানত পরিশোধে ব্যর্থ ব্যাংক কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানি চিহ্নিত করিয়া উক্ত প্রতিষ্ঠানের রেজল্যুশন বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাস্টি বোর্ডের নিকট সুপারিশ; এবং

(ট) এই অধ্যাদেশে বর্ণিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ।

(২) আমানত সুরক্ষা বিভাগের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:-

(ক) সদস্য প্রতিষ্ঠানসমূহ হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রিমিয়াম হিসাবায়ন ও সংগ্রহ;

 (খ) বিনিয়োগ নীতিমালা ও বিনিয়োগ পরিকল্পনা অনুযায়ী তহবিলের অর্থ বিনিয়োগ;

(গ) তহবিলের নিয়মিত প্রক্ষেপণ (projection);

(ঘ) তহবিল হইতে সুরক্ষিত আমানত পরিশোধের সক্ষমতা মূল্যায়ন;

(ঙ) জনসাধারণের অবগতির জন্য নিয়মিতভাবে মুদ্রণ ও ইলেকট্রনিক মিডিয়ায় আমানত সুরক্ষা সংক্রান্ত তথ্য ও জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ এবং সভা, সেমিনার, কনফারেন্স, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ, ইত্যাদিসহ এতদ্‌সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পাদন;

(চ) আমানত সুরক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও তহবিলের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ;

(ছ) সুরক্ষিত আমানত পরিশোধ পরবর্তী সময়ে ঝুঁকি ও সংকট মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নিশ্চিতকরণ;

(জ) সুরক্ষিত আমানত পরিশোধ;

(ঝ) আমানতকারীকে দ্রুততার সহিত সুরক্ষিত আমানত পরিশোধ নিশ্চিত করিতে প্রয়োজনীয় পদ্ধতি ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ;

(ঞ) বিনিয়োগ নীতিমালার অধীন ঝুঁকি নির্ধারণ ও তারল্য সংরক্ষণ;

(ট) বৎসরে অন্যূন একবার আমানত পরিশোধের সিমুলেশন/অনুকৃতি (Simulation) পরিচালনা;

(ঠ) সরকারের নিকট নিরীক্ষিত ও অনুমোদিত আর্থিক প্রতিবেদন প্রেরণ; এবং

(ড) ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন।

(৩) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, আমানত সুরক্ষা বিভাগ, আর্থিক খাত নিয়ন্ত্রণকারী যেকোনো কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করিতে পারিবে।

আমানত সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা

৭।  (১) বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই অধ্যাদেশের অধীন কোনো প্রবিধান, নির্দেশনা বা গাইডলাইন জারি করা হইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি অনতিবিলম্বে বা, ক্ষেত্রমত, নির্ধারিত সময়ের মধ্যে উক্ত প্রবিধান, নির্দেশনা বা গাইডলাইন যথাযথভাবে পরিপালন করিবে।

(২) বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোনো নিয়ন্ত্রক (regulatory) বা তদারকি (supervisory) কর্তৃপক্ষ বা অনুরূপ কোনো ব্যক্তির নিকট এই অধ্যাদেশের অধীন কোনো বিষয়ে অনুরোধ করা হইলে, উক্ত কর্তৃপক্ষ বা ব্যক্তি অনতিবিলম্বে বা নির্ধারিত সময়ের মধ্যে উক্ত অনুরোধ যথাযথভাবে পরিপালন করিবে।

(৩) এই অধ্যাদেশের বিধানাবলি বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে প্রতিষ্ঠিত কোনো নিয়ন্ত্রক (regulatory), তদারকি (supervisory), প্রয়োগকারী (enforcement), রেজল্যুশন, আমানত সুরক্ষা প্রদানকারী কর্তৃপক্ষ অথবা আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর ও সম্পাদন করিতে পারিবে।

(৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত চুক্তি ও সমঝোতা স্মারকে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথা:-

(ক) পারস্পরিক সম্মতির ভিত্তিতে সুরক্ষিত গণ্যমানত পরিশোধ ও ব্যাংক রেজল্যুশনে আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ে পরামর্শ গ্রহণ, প্রাক-প্রস্তুতিমূলক সহায়তা গ্রহণ, নোটিশ প্রদান, সার্থ সংশ্লিষ্ট বিষয়সহ অন্যান্য বিষয়ে নিয়মিতভাবে তথ্য বিনিময়ের পদ্ধতি;

(খ) সুরক্ষিত আমানত পরিশোধ বা ব্যাংক রেজল্যুশনে আর্থিক সহায়তা প্রদানের পদ্ধতি সমন্বয়;

(গ) সকল তথ্যের গোপনীয়তা সংরক্ষণ এবং কর্তৃপক্ষের লিখিত সম্মতি ব্যতীত প্রকাশ করা যাইবে না মর্মে শর্তাবলি; এবং

(ঘ) এই অধ্যাদেশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট পক্ষসমূহ কর্তৃক প্রয়োজনীয় বলিয়া বিবেচিত অন্য কোনো বিষয়।

ট্রাস্টি বোর্ড, ইত্যাদি

৮।   (১) আমানত সুরক্ষা তহবিল পরিচালনা ও প্রশাসনের জন্য একটি ট্রাস্টি বোর্ড থাকিবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ (Board of Directors) তহবিলের ট্রাস্টি বোর্ড হিসাবে দায়িত্ব পালন করিবে।

(২) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত বিষয়সমূহ অনুমোদন করিবে, যথা:-

(ক) এই অধ্যাদেশ বাস্তবায়নার্থে প্রবিধানমালা ও নীতিমালা প্রণয়ন;

(খ) প্রতি ৩ (তিন) বৎসরে অন্তত: একবার সুরক্ষিত আমানতের সর্বোচ্চ সীমা পর্যালোচনাপূর্বক পুননির্ধারণ;

(গ) সুরক্ষিত আমানত পরিশোধ;

(ঘ) ধারা ১৬ এর উপ-ধারা (২) ও (৬) অনুসারে ব্যাংক কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানি রেজল্যুশনে আর্থিক সহায়তা প্রদানের জন্য তহবিল হইতে অর্থ ব্যয়;

(ঙ) প্রিমিয়াম হার নির্ধারণ পদ্ধতি;

(চ) নিয়মিত প্রিমিয়াম হার নির্ধারণ;

(ছ) প্রারম্ভিক ও বিশেষ প্রিমিয়াম হার নির্ধারণ;

(জ) তহবিলের পরিমাণ নির্ধারণ;

(ঝ) তহবিলের অর্থ বিনিয়োগের জন্য বার্ষিক বিনিয়োগ পরিকল্পনা ও নীতি প্রণয়ন;

(ঞ) বিনিয়োগ নীতির আওতায় ঝুঁকি মূল্যায়ন ও তারল্য সংরক্ষণ প্রতিবেদন;

(ট) তহবিলের আয় ও ব্যয় সংক্রান্ত বার্ষিক বাজেট;

(ঠ) তহবিল পরিচালনা ও প্রশাসন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ;

(ড) নিরীক্ষক নিয়োগ;

(ঢ) দেশীয় ও আন্তর্জাতিক উৎস হইতে কারিগরি, প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তা গ্রহণ; এবং

(ণ) প্রয়োজন সাপেক্ষে, ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংক কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানি এবং সদস্য প্রতিষ্ঠানের ইসলামী শাখা বা উইন্ডোর জন্য পৃথক কমিটি গঠন।

(৩) আমানত সুরক্ষা বিভাগ, ট্রাস্টি বোর্ডের সাচিবিক দায়িত্ব পালন করিবে এবং সংশ্লিষ্ট সকলের জন্য the Official Secrets Act, 1923 (Act No. XIX of 1923) এর বিধানাবলি প্রযোজ্য হইবে।

ট্রাস্টি বোর্ডের সভা

৯।  (১) ট্রাস্টি বোর্ডের সভা প্রতি ৩ (তিন) মাসে অন্যূন একবার অনুষ্ঠিত হইবে।

(২) সদস্যগণের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার উপস্থিতিতে ট্রাস্টি বোর্ডের যেকোনো সভার কোরাম গঠিত হইবে।

(৩) কোনো সভায় চেয়ারম্যানের অনুপস্থিতিতে, উক্ত সভায় উপস্থিত সদস্যগণের মধ্য হইতে অন্য কোনো সদস্য সভাপতিত্ব করিবার জনা নির্বাচিত হইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs