প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৫। (১) ধারা ১৪ এর বিধান মোতাবেক প্রিজাইডিং অফিসারের নিকট হইতে প্রস্তুতকৃত ভোট গণনার বিবরণী, ব্যালট পেপারের হিসাব বিবরণী ও অন্যান্য প্যাকেটসমূহ প্রাপ্তির পর সহকারী রিটার্নিং অফিসার, যদি সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি উপস্থিত থাকেন সেক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের একজন করিয়া প্রতিনিধির সম্মুখে, ভোট গণনার ফলাফল একীভূত করিবেন:
তবে শর্ত থাকে যে, ফলাফল একীভূতকরণের পূর্বে সহকারী রিটার্নিং অফিসার গণনা-বহির্ভূত ব্যালট পেপারসমূহ পরীক্ষা করিয়া দেখিবেন এবং উহাদের মধ্যে কোনো ব্যালট পেপার বৈধ বলিয়া তাহার নিকট প্রতীয়মান হইলে উহা বৈধ ভোটের সহিত যোগ করিবেন:
আরও শর্ত থাকে যে, যদি কোনো ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখা হয় সেক্ষেত্রে সহকারী রিটার্নিং অফিসার বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রের ফলাফলের অপেক্ষা না করিয়া অবশিষ্ট ভোটকেন্দ্রসমূহের ফলাফল একীভূত করিবেন৷
(২) সহকারী রিটার্নিং অফিসার যে সকল ভোট বাতিল করিবেন সেইগুলি কমিশন কর্তৃক নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করিয়া পৃথক প্যাকেটে রাখিবেন৷
(৩) উপ-ধারা (১) এ বর্ণিত পদ্ধতিতে ফলাফল একীভূতকরণের পর সহকারী রিটার্নিং অফিসার কমিশন কর্তৃক নির্ধারিত ফরমে ভোট গণনার ফলাফল রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ করিবেন৷
(৪) ফলাফল একীভূতকরণের উদ্দেশ্যে যে সকল বিবরণী ও প্যাকেটসমূহ সহকারী রিটার্নিং অফিসারকে খুলিতে হইবে, ফলাফল একীভূতকরণের বিবরণী প্রস্তুত করিবার পর তিনি সেই সকল বিবরণী ও প্যাকেটসমূহ গালা দ্বারা পুনরায় সিলমোহর করিবেন৷