প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৫। (১) কমিশন, ধারা ১৩ এর দফা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, কমিশনের তিনজন সদস্যের সমন্বয়ে নির্ধারিত মেয়াদ উল্লেখপূর্বক একটি "নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা কমিটি” গঠন করিবে।
(২) কোনো নাগরিক ধারা ১৪ এর অধীন পুলিশের নিজস্ব অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ হইলে তিনি বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি অভিযোগ নিষ্পত্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এই ধারার অধীন কমিটির নিকট আপীল করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে ধারা ১৪ এর অধীন পুলিশের নিজস্ব অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা নির্ধারিত সময়ের মধ্যে কোনো নাগরিকের অভিযোগ নিষ্পত্তি করিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে উক্ত অভিযোগকারী সরাসরি এই ধারার অধীন কমিটির নিকট আবেদন করিতে পারিবে।
(৩) নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা কমিটি, উপ-ধারা (২) এর অধীন প্রাপ্ত আবেদন নিষ্পত্তির নিমিত্ত নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করিবে, যথা:-
(ক) প্রয়োজন মনে করিলে এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে তদন্ত দল গঠনপূর্বক অনধিক ৬০ (ষাট) দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করিবার উদ্যোগ গ্রহণ করিবে;
(খ) উভয়পক্ষকে শুনানির সুযোগ প্রদানপূর্বক অভিযোগের প্রকৃতি ও গুরুত্ব বিবেচনায় শাস্তির মাত্রা নির্ধারণ, তাহা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান বা অন্যবিধ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিবে।
(৪) কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে কোনো অভিযোগ দৃষ্টিগোচর হইলে, নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা কমিটি স্বতঃপ্রণোদিতভাবে (suo motu) উপ-ধারা (৩) এর প্রক্রিয়া অনুসরণ করিতে পারিবে বা ধারা ১৪ এর অধীন যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে উক্ত অভিযোগ নিষ্পত্তিপূর্বক কমিটিকে অবহিত করিবার পরামর্শ দিতে পারিবে।
(৫) নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা কমিটি, অভিযোগ সংক্রান্ত কার্যাবলির উপর ত্রৈমাসিক প্রতিবেদন কমিশনের চেয়ারপার্সনের নিকট দাখিল করিবে এবং কমিশন উক্ত প্রতিবেদন পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে।
(৬) এই ধারার অধীন পরিচালিত তদন্তের ক্ষেত্রে সাক্ষ্য ও দলিল উপস্থাপন সংক্রান্ত বিষয়ে কমিটির দেওয়ানি কার্যবিধিতে উল্লিখিত বিধিবিধানের অনুরূপ ক্ষমতা থাকিবে।
(৭) কমিটি, অভিযোগ নিষ্পত্তি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কিত তথ্য নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করিবে এবং অভিযোগকারীকে অবহিত করিবে।