প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৬। (১) কমিশন, ধারা ১৩ এর দফা (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে কমিশনের ৩ (তিন) জন সদস্যের সমন্বয়ে নির্ধারিত মেয়াদ উল্লেখপূর্বক একটি "পুলিশ সংক্ষোভ নিরসন কমিটি" গঠন করিবে।
(২) কোনো পুলিশ সদস্য ধারা ১৪ এর অধীন পুলিশের নিজস্ব অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার সিদ্ধান্ত দ্বারা সন্তোষজনক প্রতিকার না পাইলে তিনি বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি এই ধারার অধীন গঠিত কমিটির নিকট অভিযোগ দাখিল করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে ধারা ১৪ এর অধীন পুলিশের নিজস্ব অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা নির্ধারিত সময়ের মধ্যে কোনো অভিযোগ নিষ্পত্তি করিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে অভিযোগকারী সরাসরি এই ধারার অধীন কমিটির নিকট আবেদন করিতে পারিবে।
(৩) পুলিশ সংক্ষোভ নিরসন কমিটি, সংক্ষোভ নিষ্পত্তির নিমিত্ত নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করিবে, যথা:-
(ক) প্রয়োজন মনে করিলে এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে তদন্ত দল গঠনপূর্বক অনধিক ৬০ (ষাট) দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করিবে; এবং
(খ) উভয়পক্ষকে শুনানির সুযোগ প্রদানপূর্বক যথোপযুক্ত প্রতিকার প্রদান, সংক্ষোভনিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করিবে।
(৪) গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যম হইতে পুলিশ সদস্যের সংক্ষোভ সংক্রান্ত কোনো বিষয় দৃষ্টিগোচর হইলে, কমিটি স্বতঃপ্রণোদিতভাবে (suo motu) উপ-ধারা (৩) এর প্রক্রিয়া অনুসরণ করিতে পারিবে বা ধারা ১৪ এর অধীন যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে উক্ত অভিযোগ নিষ্পত্তিপূর্বক কমিটিকে অবহিত করিবার সুপারিশ করিতে পারিবে।
(৫) যদি কোনো ব্যক্তি বা সভা পুলিশের আইনানুগ কার্যক্রমে বিধি-বহির্ভূত বা অযাচিত প্রভাব বিস্তার করে এবং উক্ত বিষয়টি তদন্তে প্রমাণিত হয়, তাহা হইলে কমিটি উক্ত ব্যক্তি বা সত্তার দায়-দায়িত্ব নিরূপণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ করিবে।
(৬) কমিটি, সংক্ষোভ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করিবার পাশাপাশি সংক্ষোভ নিরসনের লক্ষ্যে নিয়মিতভাবে পুলিশ সদস্যদের শুনানি গ্রহণ করিবে এবং প্রয়োজনীয় সুপারিশসহ এই সংক্রান্ত কার্যাবলির উপর ত্রৈমাসিক প্রতিবেদন কমিশনের চেয়ারপার্সনের নিকট দাখিল করিবে, যাহার ভিত্তিতে কমিশন প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে।
(৭) এই ধারার অধীন পরিচালিত তদন্তের ক্ষেত্রে সাক্ষ্য ও দলিল উপস্থাপন সংক্রান্ত বিষয়ে কমিটির দেওয়ানি কার্যবিধিতে উল্লিখিত বিধিবিধানের অনুরূপ ক্ষমতা থাকিবে।
(৮) কমিটি, সংক্ষোভ নিরসন সংক্রান্ত গৃহীত ব্যবস্থা ও ফলাফল সম্পর্কে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে।