প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
প্রশাসনিক ও আর্থিক ব্যবস্হাপনা
৬। (১) এই অধ্যাদেশ প্রবর্তনের পর সরকার, যতশীঘ্র সম্ভব, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, একজন সভাপতি এবং জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে অভিজ্ঞ ব্যক্তিদের মধ্য হইতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য সমন্বয়ে বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ড নামে একটি বোর্ড গঠন করিবে।
(২) উপ-ধারা (১) এর অধীন গঠিত বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
(ক) বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সুরক্ষা ও কল্যাণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় পর্যালোচনা এবং দিক-নির্দেশনা প্রদান;
(খ) বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সুরক্ষা ও কল্যাণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান;
(গ) প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন কর্তৃক সরকারের নিকট উপস্থাপিত বাৎসরিক প্রতিবেদন পর্যালোচনা; এবং
(ঘ) সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত এতদসম্পর্কিত অন্যান্য দায়িত্ব পালন;
(৩) উপদেষ্টা বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে।
(৪) উপদেষ্টা বোর্ডের সভা বৎসরে কমপক্ষে ২ (দুই) বার সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে অনুষ্ঠিত হইবে।
(৫) উপদেষ্টা বোর্ডের সভায় কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্হিত সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতির প্রয়োজন হইবে।