প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
বন্যপ্রাণী ও উদ্ভিদ রক্ষা
১০। (১) এই অধ্যাদেশের অধীন লাইসেন্স বা ক্ষেত্রমত, পজেশন সার্টিফিকেট, পারমিট গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তি কোনো বন্যপ্রাণী লালন-পালন, আবদ্ধ রাখা এবং বন্যপ্রাণী, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি দখলে রাখা, ক্রয় বা বিক্রয় বা পরিবহন করিতে পারিবে না বা তফসিল ৪ এ উল্লিখিত কোনো উদ্ভিদের ক্ষতিসাধন, ধ্বংস, সংগ্রহ বা পরিবহন করিতে পারিবে না।
(২) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন বা হাট-বাজার বা অন্য কোনো মাধ্যমে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় করা যাইবে না।
(৩) সকল বন্যপ্রাণী, বন্যপ্রাণীর দেহের অংশ, মাংস, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি অথবা তফসিল ৪ এ উল্লিখিত উদ্ভিদ বা উহার অংশ বা উহা হইতে উৎপন্ন দ্রব্য সরকারের সম্পত্তি হিসাবে বিবেচিত হইবে।
(৪) কোনো ব্যক্তি বন্যপ্রাণীর প্রতি কোনো নিষ্ঠুর আচরণ করিলে এই অধ্যাদেশের অধীন শাস্তিযোগ্য অপরাধ হইবে।
(৫) উপ-ধারা (৪) এর অধীন নিষ্ঠুর আচরণ বলিতে বন্যপ্রাণীকে প্রহার, উত্ত্যক্ত করা, চোখ বাঁধিয়া রাখা, অপ্রয়োজনে আটক রাখা, ভীতি প্রদর্শন করা, পরিবহনের ক্ষেত্রে কষ্ট দেওয়া, মাত্রাতিরিক্ত ভার বহন করানো, বৈদ্যুতিক তারের বেষ্টনী দিয়া হত্যা করা, বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ইত্যাদিকে বুঝাইবে।