প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
পঞ্চম অধ্যায়
পারমিট, লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট
২৬। কোনো বন্যপ্রাণী বা বন্যপ্রাণীর দেহাংশ, মাংস, ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি সংগ্রহ এবং তফসিল ৪ এ উল্লিখিত উদ্ভিদ সংগ্রহ করা, দখলে রাখা অথবা উহা হইতে উৎপাদিত দ্রব্য কোনো বন অথবা দেশের যে কোনো স্থান হইতে পরিবহনের জন্য নিম্নবর্ণিত কারণে প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং ফি আদায় সাপেক্ষে পারমিট প্রদান করিতে পারিবেন, যথা:-
(ক) শিক্ষা;
(খ) বৈজ্ঞানিক গবেষণা;
(গ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনা;
(ঘ) কোনো উদ্ভিদ উদ্যান, সাফারি পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, হার্বেরিয়াম অথবা একইরূপ অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন;
(ঙ) জীবন রক্ষাকারী ঔষধ তৈরির জন্য উদ্ভিদ বা সাপের বিষ সংগ্রহ ও সংরক্ষণ; এবং
(চ) সরকার কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক বন্যপ্রাণীর বংশ বিস্তারের জন্য।
ব্যাখ্যা।— এই ধারায় “বৈজ্ঞানিক ব্যবস্থাপনা” অর্থ-
(ক) কোনো বন্যপ্রাণীকে অন্য কোনো সুবিধাজনক আবাসস্থলে স্থানান্তর করা;
(খ) কোনো বন্যপ্রাণী অথবা নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের ব্যবস্থাপনার জন্য হত্যা না করিয়া বা বিষ প্রয়োগ না করিয়া অথবা ধ্বংস না করিয়া প্রজনন নিয়ন্ত্রণ করা; এবং
(গ) বিজ্ঞানসম্মতভাবে কালিং (culling) করা:
তবে শর্ত থাকে যে, কালিংকৃত বন্যপ্রাণী মাটি চাপা দিয়া ধ্বংস করিতে হইবে।