প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ০৯ নং অধ্যাদেশ )

পঞ্চম অধ্যায়

পারমিট, লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট

লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট

২৯। (১) এই অধ্যাদেশের অধীনে প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং ফি আদায় সাপেক্ষে নিম্নবর্ণিত বিষয়ে লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট প্রদান করিবে, যথা:-

(ক) বন্যপ্রাণীর খামার পরিচালনা, লালন-পালন, বাণিজ্যিক উৎপাদন ও বিক্রয়;

(খ) আমদানি ও রপ্তানি;

(গ) কোনো রক্ষিত উদ্ভিদের বাণিজ্যিক চাষ, আহরণ, উৎপাদন, আমদানি, রপ্তানি:

তবে শর্ত থাকে যে, লালন-পালনযোগ্য বন্যপ্রাণীর জন্য লাইসেন্স বা পজেশন সার্টিফিকেট ইস্যুর পূর্বে নিশ্চিত হইতে হইবে যে, উক্ত বন্যপ্রাণী লালন-পালনের জন্য আবেদনকারীর পর্যাপ্ত আর্থিক ও আনুষঙ্গিক সামর্থ্য ও সুবিধাদি রহিয়াছে এবং বন্যপ্রাণী লালন-পালন সম্পর্কিত জ্ঞান রহিয়াছে:

তবে আরো শর্ত থাকে যে, পালিত বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের প্রমাণ পাইলে বন অধিদপ্তর কোনো কারণ দর্শানো ব্যতীত লালন-পালনের জন্য প্রদত্ত লাইসেন্স এবং পজেশন সার্টিফিকেট বাতিল করিতে পারিবে এবং পালিত বন্যপ্রাণী নিজ তত্ত্বাবধানে রাখিতে অথবা উপযুক্ত ব্যক্তিকে লালন পালনের জন্য প্রদান করিতে পারিবে।

(২) লাইসেন্স ও পজেশন সার্টিফিকেটের মেয়াদ প্রদানের তারিখ হইতে ১ (এক) বৎসর পর্যন্ত বহাল থাকিবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট নবায়ন করিতে হইবে।

(৩) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীনে লাইসেন্স বা পজেশন সার্টিফিকেট গ্রহণ ব্যতীত কোনো বন্যপ্রাণী লালন-পালন, বন্যপ্রাণী বাণিজ্যিক উৎপাদন, বিক্রয়, আমদানি, রপ্তানি করিতে পারিবে না এবং কোনো রক্ষিত উদ্ভিদের বাণিজ্যিক চাষ, আহরণ, উৎপাদন, আমদানি, রপ্তানি করিতে পারিবে না।

(৪) এই অধ্যাদেশের অধীন লাইসেন্স প্রাপ্ত খামারি প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ব্যতীত কোনো বন্যপ্রাণী শিকার করিতে পারিবে না।

(৫) উপ-ধারা (১) এর বিধান সাপেক্ষে বন্যপ্রাণী সংক্রান্ত কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে এই ধারার আওতায় লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট প্রদান করা যাইবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs