প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
ষষ্ঠ অধ্যায়
আমদানি-রপ্তানি, বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট গঠন
৩৩। (১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান-
(ক) লাইসেন্স ছাড়া, ক্ষেত্রমত, আগমন ও বহির্গমন শুল্ক বন্দর ব্যতীত অন্য কোনো পথে;
(খ) প্রযোজ্য ক্ষেত্রে প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট হইতে সাইটিস (CITES) সার্টিফিকেট, পারমিট, অনাপত্তি পত্র (No Objection Certificate) এবং সাইটিস বহির্ভূত প্রজাতির জন্য অনাপত্তি পত্র ব্যতীত; কোনো বন্যপ্রাণী বা উহার অংশ, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি বা বিদেশি প্রাণী অথবা কোনো রক্ষিত উদ্ভিদ বা উহার অংশ বা উহা হইতে উৎপন্ন দ্রব্য বাংলাদেশে আমদানি বা বাংলাদেশ হইতে রপ্তানি করিতে পারিবে না।
(২) উপ-ধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত আমদানি বা রপ্তানির জন্য নির্ধারিত বন্যপ্রাণী বা ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি বা বিদেশি প্রাণী অথবা কোনো রক্ষিত উদ্ভিদ বা উহার অংশ বা উহা হইতে উৎপন্ন দ্রব্য আগমন বা বহির্গমন শুল্ক বন্দর হইতে ছাড়াইতে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত কোয়ারেন্টাইন সার্টিফিকেট প্রদর্শন করিতে হইবে এবং প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নমুনা বা প্রজাতি শনাক্ত করিতে হইবে।