প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ০৯ নং অধ্যাদেশ )

সপ্তম অধ্যায়

জব্দকরণ, প্রবেশ, গ্রেফতার ইত্যাদির ক্ষমতা

জব্দকরণ

৩৬। (১) এই অধ্যাদেশের অধীন কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহে এমন কোনো পুলিশ কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার নিম্নে নহে এমন কোনো কাস্টমস কর্মকর্তা, পেটি অফিসার পদমর্যাদার নিম্নে নহে এমন কোনো কোস্ট গার্ড কর্মকর্তা বা হাবিলদার পদমর্যাদার নিম্নে নহে এমন কোনো বর্ডার গার্ড বাংলাদেশ কর্মকর্তা এই অধ্যাদেশের অধীন ব্যবস্থা গ্রহণের নিমিত্ত নিম্নবর্ণিত দ্রব্য বা সামগ্রী জব্দ করিতে পারিবেন, যথা:-

(ক) লাইসেন্স এবং পজেশন সার্টিফিকেট ব্যতীত শিকার করা, দখলে রাখা বা ধৃত বন্যপ্রাণী বা উহাদের আবদ্ধ অবস্থায় রাখিবার কারণে প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধিপ্রাপ্ত বন্যপ্রাণী;

(খ) দুর্ঘটনার কারণে মারা গিয়াছে বা মৃতপ্রায় অবস্থায় রহিয়াছে এইরূপ বন্যপ্রাণী;

(গ) এই অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধিত অথবা লাইসেন্স এবং পজেশন সার্টিফিকেট গ্রহণ করা হয় নাই এইরূপ কোনো বন্যপ্রাণী বা উহার কোনো অংশ, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি, মাংস, দেহের অংশ অথবা তফসিল ৪ এ উল্লিখিত উদ্ভিদ বা উহার অংশ বা উহা হইতে উৎপন্ন দ্রব্য;

(ঘ) অপরাধ সংঘটনে ব্যবহৃত অস্ত্র, আগ্নেয়াস্ত্র, “Evidence Act, 1872”-এ সংজ্ঞায়িত “Digital record” or “electronic record” বা অন্য কোনো বস্তু, যানবাহন ও যন্ত্রপাতি;

(ঙ) ধারা ৩৩ অনুযায়ী আমদানি বা রপ্তানি করা হয় নাই এমন কোনো বন্যপ্রাণী বা উহার অংশ, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি, মাংস, দেহের অংশ অথবা তফসিল ৪ এ উল্লিখিত উদ্ভিদ বা উহার অংশ বা উহা হইতে উৎপন্ন দ্রব্য:

তবে শর্ত থাকে যে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথাগত ঐতিহ্য বা দৈনন্দিন জীবন ধারণের অংশ হিসাবে এই অধ্যাদেশ প্রণয়নের পূর্বে সংগৃহীত ও ব্যবহৃত বন্যপ্রাণীর ট্রফি বা স্মৃতি চিহ্ন এর ক্ষেত্রে এই উপ-ধারার বিধান প্রযোজ্য হইবে না।

(২) উপ-ধারা (১) এ জব্দকৃত সামগ্রী সন্দেহভাজন ধৃত ব্যক্তিসহ নিকটবর্তী ফরেস্ট অফিসে হস্তান্তর করিতে হইবে, তবে পুলিশ কর্মকর্তা কর্তৃক জব্দকৃত দ্রব্য বা সামগ্রী নিকটতম ফরেস্ট অফিসে আবশ্যিকভাবে হস্তান্তর করিতে হইলেও অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তর করিবার প্রয়োজন নাই, তবে অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে নিকটস্হ ফরেস্ট অফিসকে অবহিত করিতে হইবে।

(৩) উপ-ধারা (১) এর অধীন জব্দকৃত সকল দ্রব্য বা সামগ্রী সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হইবে।

(৪) উপ-ধারা (১) এর অধীন জব্দকৃত দ্রব্য বা সামগ্রী দ্রুত পচনশীল হইলে এই অধ্যাদেশের অধীন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তাহা ধ্বংস বা অপসারণ করিতে পারিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs