প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ১৯ নং অধ্যাদেশ )

ব্যাংকের কার্যাবলি

৭। (১) ব্যাংক এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক, সময় সময়, আরোপিত শর্তাবলি এবং প্রযোজ্য আইনের অধীন শর্তপূরণ সাপেক্ষে, নিম্নবর্ণিত সকল বা যেকোনো কার্যাবলি সম্পাদন করিতে পারিবে, যথা:-

(ক) শেয়ারহোল্ডারগণকে জামানতসহ বা জামানত ব্যতিরেকে, নগদে বা অন্য কোনো প্রকারে, সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রম সহায়তা প্রদানের লক্ষ্যে, বিশেষ করিয়া, নূতন উদ্যোক্তাগণের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ব্যবসা ও জীবনমান উন্নয়ন করিবার জন্য ঋণ প্রদান করা;

(খ) ঋণগ্রহীতা বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হইতে আমানত গ্রহণ করা;

(গ) ব্যবসায় পরিচালনার উদ্দেশ্যে উহার সম্পদ বা অন্য কোনো সম্পত্তি জামানত রাখিয়া ঋণ গ্রহণ করা;

(ঘ) প্রয়োজনে প্রদত্ত ঋণ এবং অগ্রিমের জামানত হিসাবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির প্লেজ (Pledge), বন্ধক (Mortgage), হাইপোথিকেশন (Hypothecation) বা স্বত্বনিয়োগ (Assignment) গ্রহণ করা;

(ঙ) নবীন ও ক্ষুদ্র উদ্যোক্তাগণের ব্যবসা প্রতিষ্ঠা ও সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোগ মূলধন বিনিয়োগ করা;

(চ) বিনিয়োগ হিসাবে কোনো সংবিধিবদ্ধ সংস্থার শেয়ার ক্রয় করা;

(ছ) সেভিংস সার্টিফিকেট, মালিকানা দলিল বা অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদ হেফাজতে রাখিবার জন্য ব্যবস্থা গ্রহণ করা;

(জ) শিল্প ও কৃষিভিত্তিক পণ্য, মৎস্য, গবাদিপশু, যন্ত্রাংশ, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি এবং শিল্পের কাঁচামাল ক্রয়, মজুদকরণ ও অন্যান্য আয়বর্ধক কার্যক্রমের জন্য ঋণ প্রদান করা;

(ঝ) নূতন উদ্যোক্তাগণকে ফি ব্যতীত কারিগরি ও প্রশাসনিক সহায়তা প্রদান করা;

(ঞ) ঋণগ্রহীতাগণকে ব্যবস্থাপনা, বিপণন, কারিগরি ও প্রশাসনিক বিষয়ে পরামর্শ প্রদানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সেবা লাভের জন্য সহায়তা প্রদান করা;

(ট) সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা;

(ঠ) ব্যাংকের সম্পূর্ণ বা আংশিক দাবি পূরণকল্পে, যে কোনোভাবে ব্যাংকের দখলে থাকা স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রয় বা বিক্রয়লব্ধ অর্থ আদায় এবং ব্যাংকের নিকট জামানত স্বরূপ গচ্ছিত উক্ত স্থাবর বা অস্থাবর সম্পত্তির উপর অধিকার, স্বত্ব বা স্বার্থ অর্জন, সংরক্ষণ বা ব্যবস্থাপনা করা; এবং

(ড) লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, ব্যাংকের কার্যক্রমের সহিত সঙ্গতিপূর্ণ অন্য যেকোনো কার্য সম্পাদন করা ।

(২) উপ-ধারা (১) এ বর্ণিত কার্যাবলি ব্যতীত ব্যাংক অন্য কোনো কার্যক্রমে সম্পৃক্ত হইতে পারিবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs