প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬

( ২০২৬ সনের ৫৫ নং আইন )

নবম অধ্যায়

বিবিধ

২০১২ সনের ৩ নং আইনের রহিতকরণ ও হেফাজত

৬৪। (১) মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ (২০১২ সনের ৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণের অব্যবহিত পূর্বে উক্ত আইনের অধীন কোনো মামলা বা কার্যধারা বিচারাধীন বা অনিষ্পন্ন থাকিলে উহা, যতদূর সম্ভব, এই আইনের বিধান অনুসারে নিষ্পত্তি করিতে হইবে।

(৩) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত আইনের অধীন-

(ক) কৃত কোনো কার্য, সূচিত কোনো কার্যধারা বা গৃহীত ব্যবস্থা বা প্রণীত কোনো বিধি বা প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশ বা জারিকৃত গাইডলাইন বা প্রজ্ঞাপন, এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন রহিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকিবে, এবং উহা এই আইনের অধীন কৃত, সূচিত, গৃহীত, প্রণীত বা প্রদত্ত এবং জারিকৃত বলিয়া গণ্য হইবে;

(খ) গঠিত মানব পাচার প্রতিরোধ তহবিল এই আইনের অধীন গঠিত মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ তহবিল বলিয়া গণ্য হইবে;

(গ) গঠিত মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, এই আইনের অধীন গঠিত মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল বলিয়া গণ্য হইবে;

(ঘ) গঠিত জাতীয় মানব পাচার দমন সংস্থা এই আইনের অধীন গঠিত জাতীয় মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমন সংস্থা বলিয়া গণ্য হইবে;

(ঙ) প্রতিষ্ঠিত আশ্রয় কেন্দ্র এবং পুনর্বাসন কেন্দ্র এই আইনের অধীন গঠিত আশ্রয় কেন্দ্র এবং পুনর্বাসন কেন্দ্র বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs