প্রিন্ট ভিউ

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

( ২০২৬ সনের ৬৯ নং আইন )

চতুর্থ অধ্যায়

ভূমি ক্রয়, লিজ, অধিগ্রহণ, উন্নয়ন কর, ইত্যাদি

ভূমি ক্রয় বা লিজ গ্রহণের ক্ষমতা

২৮। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, যেকোনো ব্যক্তি মালিকানাধীন ভূমি অথবা ভূমির সংশ্লিষ্ট স্বার্থ ক্রয়, লিজ বা বিনিময়ের মাধ্যমে উহা অর্জন করিতে বা অধিকারে রাখিতে পারিবে।

ভূমি অধিগ্রহণের ক্ষমতা

২৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কোনো ভূমি বা ভূমি সংশ্লিষ্ট স্বার্থ অধিগ্রহণ করিবার প্রয়োজন হইলে উহা জনস্বার্থে প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হইবে এবং ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুসরণ করিতে হইবে।

ভূমি বিলি-বন্দেজ

৩০। (১) ধারা ২৮ এর অধীন অর্জিত ভূমি বা ধারা ২৯ এর অধীন অধিগ্রহণকৃত ভূমি বা ভূমি সংশ্লিষ্ট স্বার্থ কর্তৃপক্ষ নিজ কর্তৃত্বে রাখিতে পারিবে অথবা বিক্রয়, লিজ বা বিনিময়ের মাধ্যমে নিষ্পত্তি করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) এর অধীন লিজ প্রদানকৃত ভূমি, প্লট, ফ্ল্যাট বা স্পেস লিজগ্রহীতার অনুকূলে হস্তান্তর পরবর্তীকালে বিক্রয়, দান বা হেবামূলে হস্তান্তর, নামজারি, আমমোক্তারনামা, রূপান্তর বা অনুরূপ বিষয়ে কর্তৃপক্ষ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও হারে ফি আদায় করিতে পারিবে।

উন্নয়ন ফি ধার্যের ক্ষমতা

৩১। (১) কর্তৃপক্ষ, উহার কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে উক্ত এলাকার ভূমির মূল্য বৃদ্ধি পাইলে বা পাইবে বলিয়া বিবেচনা করিলে উক্ত ভূমির মালিক বা ভূমির স্বার্থ সংশ্লিষ্টতা রহিয়াছে এইরূপ ব্যক্তির উপর ভূমির মূল্য বৃদ্ধির অনুপাতে উন্নয়ন ফি ধার্য করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত উন্নয়ন ফি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ধার্য ও আদায় করা যাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs