প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

( ২০২৬ সনের ৬৯ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি

৭। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:—

(ক) ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করিয়া মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন;

(খ) আধুনিক ও টেকসই নগরায়নের লক্ষ্যে কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকায় টেকসই নগরায়ন ও উন্নয়নের নীতি ও কৌশল প্রণয়ন;

(গ) মহাপরিকল্পনা প্রণয়নের নিমিত্ত ভূমি জরিপ ও সমীক্ষা, গবেষণা পরিচালনা এবং এতদ্‌সংশ্লি­ষ্ট সকল প্রকার তথ্য, উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ;

(ঘ) ভূমির উপর যেকোনো ধরনের অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রণ এবং দুর্যোগ সহনশীল, আধুনিক ও আকর্ষণীয় পর্যটন অঞ্চল ও নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ;

(ঙ) সড়ক, মহাসড়ক, নৌপথ, রেলপথ নির্মাণের লক্ষ্যে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের সহিত আলোচনাক্রমে যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয় সাধন;

(চ) কর্তৃপক্ষের নির্দিষ্ট সীমানার মধ্যে বিধিবহির্ভূত স্থাপনা অপসারণ;

(ছ) অপরিকল্পিত, অপ্রশস্ত ও ঘনবসতি অপসারণক্রমে, নূতন আবাসন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং উক্ত এলাকার বাসিন্দাগণের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

(জ) নিম্নবিত্ত, বস্তিবাসী এবং গৃহহীনদের আবাসন সমস্যার অগ্রাধিকার বিবেচনায় রাখিয়া উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও উহার বাস্তবায়ন;

(ঝ) উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রহিয়াছে এইরূপ কোনো এলাকার জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের অন্তর্বর্তীকালীন আদেশ জারি এবং উক্ত এলাকার ভূমির ব্যবহারে পরিবর্তন বা কোনো ইমারত বা স্থাপনার পরিবর্তনের উপর অনধিক ১(এক) বৎসর পর্যন্ত বিধিনিষেধ আরোপ;

(ঞ) প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বনায়ন ও সবুজ বেষ্টনি তৈরি এবং সংরক্ষণ;

(ট) সরকারের অনুমোদনক্রমে, কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ বা বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের নিজস্ব অর্থ ব্যয়ে দেশি-বিদেশি বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হইতে পরামর্শ বা সহযোগিতা গ্রহণ ও বাস্তবায়ন;

(ঠ) দেশি অথবা বিদেশি ব্যক্তি, সংস্থা, সরকারি বা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বা একাধিক কর্তৃপক্ষের সহিত যৌথ বিনিয়োগ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন;

(ড) কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকার মধ্যে কোনো উন্নয়ন প্রকল্পে অর্থায়ন, বাস্তবায়ন ও তত্ত্বাবধান;

(ঢ) সরকারের পূর্বানুমোদনক্রমে, তফসিলি ব্যাংক বা সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো ফাইন্যান্স কোম্পানি বা বিদেশি সংস্থা হইতে ঋণ গ্রহণ;

(ণ) আধুনিক নগর পরিকল্পনা সংক্রান্ত প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এবং গবেষণার আয়োজন;

(ত) টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন, ভূমিকম্প ও দুর্যোগ সহনশীল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন;

(থ) শিক্ষা ও স্বাস্থ্য, জনস্বাস্থ্য, আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নগরায়ন, পরিবেশের উন্নয়ন, তথ্য প্রযুক্তির উন্নয়ন, বৈশ্বিক উষ্ণতা রোধ, কার্বন নিঃসরণ হ্রাস, খাল ও নালা নর্দমার উন্নয়ন, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাকরণ, যেকোনো পরিবেশ দূষণ প্রতিরোধ, শিল্পায়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, উন্নয়ন গবেষণা, নগর সৌন্দর্য বর্ধন সংক্রান্ত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন;

(দ) সরকারের পরিকল্পনার সহিত সমন্বয় করিয়া স্থানীয় পরিকল্পনা প্রণয়ন;

(ধ) মহাপরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করিবার লক্ষ্যে ভূমি ব্যবহারের ডিজিটাল ডেটাবেজ প্রস্তুত;

(ন) কৃষি ভূমি, বনভূমি, নিম্নভূমি, জলাভূমি, পুকুর, খাল এবং পরিবেশ সংবেদনশীল এলাকাসমূহ সংরক্ষণের উদ্যোগ গ্রহণ;

(প) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সংরক্ষণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিভাগীয় কমিটির সহিত সমন্বয় করিয়া কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন;

(ফ) কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ভবন নির্মাণ, অনুমোদন, সংরক্ষণ ও অপসারণ সংক্রান্ত যাবতীয় কার্য সম্পাদন;

(ব) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, চুক্তি সম্পাদন; এবং

(ভ) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্য যেকোনো দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs