প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

গ্রামীণ ব্যাংক (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৮২ নং আইন )

২০১৩ সনের ৫৬নং আইনের ধারা ২-এর সংশোধন

২। গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ (২০১৩ খ্রিষ্টাব্দের ৫৬নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, ইহার ধারা ২-এর-

(ক) দফা (১)-এর পরিবর্তে নিম্নরূপ দফা (১) প্রতিস্থাপিত হইবে, যথা :-

“(১) “ঋণ” অর্থ এমন কোনো ব্যক্তির পক্ষে ব্যাংক কর্তৃক প্রদত্ত নিশ্চয়তা বা দায়মুক্তি যিনি ব্যাংকের সদস্য হওয়ার সময় ভূমিহীন বা বিত্তহীন ব্যক্তি বলিয়া গণ্য হন, বা এমন ভূমিহীন বা বিত্তহীন ব্যক্তির পক্ষে ব্যাংক কর্তৃক গৃহীত কোনো দায়ও ইহার অন্তর্ভুক্ত হইবে;”;

(খ) দফা (৫) বিলুপ্ত হইবে ;

(গ) দফা (১২)-এর পরিবর্তে নিম্নরূপ দফা (১২) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(১২) “ভূমিহীন বা বিত্তহীন ব্যক্তি” অর্থ এইরূপ কোনো ব্যক্তি-

(ক) যিনি বা যাঁহার পরিবার ৫০ (পঞ্চাশ) শতাংশের কম চাষযোগ্য জমির মালিক অথবা যিনি বা যাঁহার পরিবার এইরূপ স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তির মালিক যাহার মূল্য তিনি যে ইউনিয়নে সাধারণত বসবাস করেন সেই ইউনিয়নের বর্তমান বাজারদর অনুযায়ী ১ (এক) একর চাষযোগ্য জমির মূল্যের অধিক নহে; অথবা

(খ) যিনি বা যাঁহার পরিবার এমন এলাকায় বসবাস করেন, যাহা পূর্বে ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত থাকিলেও পরবর্তীতে উহা পৌরসভা বা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বলিয়া ঘোষিত হইয়াছে এবং উক্তরূপ ঘোষণার পূর্বে যাঁহার সম্পত্তির পরিমাণ উপ-দফা (ক)-তে বর্ণিত সম্পত্তি-সীমা হইতে কম ছিল এবং ঘোষণার পরে ঐ এলাকায় নূতন করিয়া কোনো জমির মালিক হন নাই; অথবা

(গ) যিনি বা যাঁহার পরিবার কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় অন্যূন ৩ (তিন) বৎসর সময় যাবৎ বসবাস করিয়া আসিতেছেন, কিন্তু উক্ত পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় যাঁহাদের মালিকানায় কোনো জমি নাই এবং যাঁহার বার্ষিক আয়ের পরিমাণ আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২নং আইন)-এ এবং সময় সময় নির্ধারিত করমুক্ত সীমার অধিক নহে।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs