প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

( ২০২৬ সনের ৮৪ নং আইন )

৩য় অধ্যায়

কর্তৃপক্ষের কার্যাবলি

মহাপরিকল্পনা প্রণয়ন

১১। (১) এই আইন বলবৎ হইবার অব্যবহিত পরে, কর্তৃপক্ষ, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ধারা ১৩ এ বর্ণিত ভূমি ব্যবহার পরিকল্পনা অনুযায়ী অধিক্ষেত্রাধীন এলাকাকে সমুদ্র বন্দর, শিল্প-বাণিজ্যিক ও আধুনিক নগর হিসাবে গড়িয়া তুলিবার জন্য ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করিতে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করিবে।

(২) মহাপরিকল্পনায়, উক্ত এলাকাকে বিভিন্ন হাবে বিভক্ত করা যাইবে, যথা:—

(ক) প্রাইমারি হাব—

(অ) বন্দর ও লজিস্টিক হাব:

(আ) শিল্প ও ম্যানুফ্যাকচারিং হাব;

(ই) বিদ্যুৎ ও জ্বালানি হাব;

(ঈ) মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ হাব।

(খ) সহায়ক হাব;

(অ) আধুনিক টাউনশিপ হাব;

(আ) অনুষঙ্গিক সুবিধাদি হাব।

(৩) মহাপরিকল্পনায়, গভীর সমুদ্রবন্দরের সহিত দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ স্থাপনসহ উপ-ধারা (২) অনুযায়ী চিহ্নিত বিভিন্ন হাবের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রকল্পসমূহ চিহ্নিত করা হইবে এবং কর্তৃপক্ষ এই সকল প্রকল্পের মধ্যে পরিপূরক প্রকল্পসমূহ গুচ্ছনীতির আলোকে নির্দিষ্ট সময়ে যুগপৎ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করিতে পারিবে।

(৪) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকার ম্যানুফ্যাকচারিং ও শিল্প-কারখানাসহ অন্যান্য হাবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিতকল্পে বিতরণ সংক্রান্ত বিশেষ (আইনগত ও প্রাতিষ্ঠানিক) ব্যবস্থার প্রবর্তন করিতে পারিবে।

(৫) এই আইন বলবৎ হইবার অব্যবহিত পরে, উপ-ধারা (২) এ বর্ণিত প্রাইমারি হাবের কার্যক্রম সাবলিল ও মানসম্মতভাবে পরিচালনার জন্য টাউনশিপ এবং ইনফ্রাস্ট্রাকচার পরিকল্পনার আওতায় নিম্নবর্ণিত প্রয়োজনীয় ইউটিলিটিজ, ইত্যাদির জন্য প্রয়োজনীয় অবকাঠামো গুচ্ছনীতির আলোকে যুগপৎভাবে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে, যথা—

(ক) বিদ্যুৎ ও গ্যাস বিতরণ লাইন নির্মাণ;

(খ) জলাধার ও পানি বিতরণ লাইন নির্মাণ;

(গ) পয়ঃপ্রণালি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, স্লুইসগেটসহ বাধ/ডাইক নির্মাণ,

(ঘ) সলিড ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ; সেন্ট্রাল ইটিপি নির্মাণ;

(ঙ) টেলিযোগাযোগ ব্যবস্থা ও ইন্টারনেট/তথ্য প্রযুক্তি সেবা প্রদান;

(চ) আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনোদন ও পর্যটন সুবিধা সৃষ্টি;

(ছ) পরিবহণ ও পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থাপনা;

(জ) অগ্নি নির্বাপন ব্যবস্থা, সাইক্লোন সেন্টার নির্মাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা;

(৬) কর্তৃপক্ষ মহাপরিকল্পনায় অধিক্ষেত্রাধীন এলাকায় ইতঃপূর্বে জনস্বার্থে সমাপ্ত ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করিবে এবং চলমান উন্নয়ন প্রকল্পের অবাস্তবায়িত অংশ মহাপরিকল্পনার সহিত প্রয়োজনীয় সামঞ্জস্য বিধানসাপেক্ষে বাস্তবায়ন করিতে পারিবে।

(৭) কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত মহাপরিকল্পনার চূড়ান্ত খসড়া সরকারের নিকট প্রেরণ করিবার এক (১) মাসের মধ্যে সরকার খসড়া মহাপরিকল্পনাটি সরকারি গেজেটে প্রকাশ করিবে এবং কর্তৃপক্ষ একইসাথে খসড়া মহাপরিকল্পনাটি উহার ওয়েবসাইটে প্রকাশ করিবে।

(৮) উপ-ধারা (৭) এর অধীন প্রকাশিত খসড়া মহাপরিকল্পনা বা উহার অংশ বিশেষের উপর কাহারও কোনো আপত্তি বা মতামত থাকিলে উহা নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে সরকারের নিকট প্রেরণ করিতে হইবে।

(৯) সরকার, উপ-ধারা (৮) এর অধীন প্রাপ্ত আপত্তি বা মতামত বিবেচনা করিয়া, উপ-ধারা (৭) এর অধীন গেজেট প্রকাশের ৪ (চার) মাসের মধ্যে, সংশোধনসহ বা সংশোধন ব্যতিরেকে মহাপরিকল্পনাটি চূড়ান্ত অনুমোদন করিবে এবং মহাপরিকল্পনা চূড়ান্ত অনুমোদনের বিষয়টি সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রকাশ করিবে।

(১০) কর্তৃপক্ষ, সময় সময়, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা মহাপরিকল্পনা সংশোধন করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs