প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

( ২০২৬ সনের ৮৪ নং আইন )

৩য় অধ্যায়

কর্তৃপক্ষের কার্যাবলি

পরিদর্শন, অনুসন্ধান, মনিটরিং ও প্রতিবেদন দাখিল

২৩। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান—

(ক) যেকোনো শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করিতে পারিবে এবং উক্ত পরিদর্শনের প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট পেশ করিতে পারিবে;

(খ) যেকোনো শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবেশ করিয়া উহা পরিদর্শন বা উহাতে কোনো অনুসন্ধান পরিচালনা করিতে পারিবে এবং উক্তরূপ প্রবেশ, পরির্দশন বা অনুসন্ধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদান করিবে;

(গ) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাসমূহ ত্রৈমাসিক/ষান্মাসিক ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন বিষয়ে কর্তৃপক্ষের নিকট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন দাখিল করিবে এবং কর্তৃপক্ষ, প্রয়োজনে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাসমূহকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs