প্রিন্ট ভিউ

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

( ২০২৬ সনের ১০৪ নং আইন )

তৃতীয় অধ্যায়

গভর্নিং বোর্ড, নির্বাহী পরিষদ, প্রতিষ্ঠানিক কাঠামো, ইত্যাদি

গভর্নিং বোর্ড

৭। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি গভর্নিং বোর্ড গঠিত হইবে, যথা:-

(ক) প্র ধানমন্ত্রী বা তৎকর্তৃক মনোনীত একজন ব্যক্তি, যিনি উহার সভাপতিও হইবেন;

(খ) অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী;

(গ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী;

(ঘ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী;

(ঙ) ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী;

(চ) শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী;

(ছ) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী;

(জ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী;

(ঝ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব;

(ঞ) গভর্নর, বাংলাদেশ ব্যাংক;

(ট) সচিব, অর্থ বিভাগ;

(ঠ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়;

(ড) সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ;

(ঢ) সরকার কর্তৃক মনোনীত বেসরকারি খাতের ৪ (চার) জন প্রতিনিধি, তন্মধ্যে ২ (দুই) জন হইবে নারী প্রতিনিধি; এবং

(ণ) চেয়ারম্যান, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।

(২) বোর্ড প্রয়োজনে যেকোনো ব্যক্তিকে উহার সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে।

গভর্নিং বোর্ডের কার্যাবলি

৮। (১) গভর্নিং বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-

(ক) শিল্পাঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন ও উহার উন্নয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ বিষয়ক নীতি প্রণয়নসহ শিল্পাঞ্চল সম্পর্কিত বিষয়াদির দক্ষ ব্যবস্থাপনার উদ্দেশ্যে তৎবিবেচনায় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান;

(খ) বিনিয়োগ বিকাশ সংক্রান্ত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলগত নীতি ও পথ-নক্‌শার অনুমোদন;

(গ) শিল্পাঞ্চল ও পিপিপি প্রকল্পের সামগ্রিক কর্মকাণ্ড পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান;

(ঘ) বিনিয়োগ বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান।

(২) উপ-ধারা (১) এর অধীন গভর্নিং বোর্ড কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় বা বিভাগের সম্পৃক্ততা থাকিলে উক্ত মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন গ্রহণ সাপেক্ষে কর্তৃপক্ষ উহা বাস্তবায়ন করিবে।

গভর্নিং বোর্ডের সভা

৯। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, গভর্নিং বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে এবং বৎসরে অন্যূন দুইটি সভা অনুষ্ঠিত হইবে।

(২) সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতিতে গভর্নিং বোর্ডের সভার কোরাম গঠিত হইবে।

(৩) গভর্নিং বোর্ডের সকল সভা, সভাপতির সম্মতিক্রমে, উহার সদস্য-সচিব কর্তৃক আহূত হইবে।

(৪) সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে গভর্নিং বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের অধিকার থাকিবে।

(৫) গভর্নিং বোর্ড প্রয়োজনে, কোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে বোর্ডের সভায় আমন্ত্রণ জানাইতে পারিবে এবং অনুরূপভাবে আমন্ত্রিত ব্যক্তি সভায় মতামত প্রদান করিতে পারিবেন, কিন্তু ভোটদানের অধিকারী হইবেন না।

(৬) দুইটি গভর্নিং বোর্ড সভা অনুষ্ঠিত হইবার মধ্যবর্তী সময়ে উদ্ভূত জরুরী বিষয়াদি কর্তৃপক্ষের সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে গভর্নিং বোর্ডের সভাপতির আদেশের জন্য পেশ করা হইবে এবং এইরূপে অনুমোদিত বা গৃহীত সিদ্ধান্ত ভূতাপেক্ষ অনুমোদনের জন্য গভর্নিং বোর্ডের পরবর্তী সভায় পেশ করা হইবে যাহা গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত হিসাবে গণ্য হইবে।

কমিটি

১০। (১) কর্তৃপক্ষ উহার দায়িত্ব পালনে সহায়তা প্রদানের জন্য এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে।

(২) কমিটির সদস্য সংখ্যা এবং উহার দায়িত্ব ও কার্যপদ্ধতি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হইবে।

কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারী

১১। (১) সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে, কর্তৃপক্ষ উহার দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে।

(২) কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs