প্রিন্ট ভিউ
পঞ্চম অধ্যায়
শিল্পাঞ্চল ঘোষণা, ভূমি অধিগ্রহণ, ডেভেলপার নিয়োগ, ইত্যাদি
১৬। সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ভূমির সুনির্দিষ্ট বিবরণ উল্লেখ করিয়া, কোনো এলাকাকে শিল্পাঞ্চল হিসাবে নির্বাচন করিয়া কোনো সুনির্দিষ্ট নামে শিল্পাঞ্চল ঘোষণা এবং প্রয়োজনবোধে অনুরূপ প্রজ্ঞাপন দ্বারা উক্ত শিল্পাঞ্চলের নাম পরিবর্তন, সংশোধন বা পুনঃনামকরণ করিতে পারিবে; এবং কর্তৃপক্ষ, শিল্পাঞ্চলের অধিক্ষেত্রের ভিতরে বা বাহিরে কর্তৃপক্ষের অধীনে নিবন্ধিত যেকোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, সংশোধন, পুনঃনামকরণ বা পুনঃনির্ধারণ করিতে পারিবে।
১৭। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও উন্নয়ন অথবা শিল্পাঞ্চলের অধিক্ষেত্রের বাহিরে কর্তৃপক্ষ কর্তৃক ইতোমধ্যে নিবন্ধিত অথবা পরবর্তীতে আবেদনক্রমে নিবন্ধিত কোনো শিল্প বা বাণিজ্যিক প্রকল্পের জন্য কোনো ভূমির প্রয়োজন হইলে, উহা জনস্বার্থে প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হইবে এবং কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে উহা “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭” এর অধীন অধিগ্রহণ করা যাইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন অধিগ্রহণকৃত বা বরাদ্দকৃত ভূমি যে উদ্দেশ্যে অধিগ্রহণ বা বরাদ্দ করা হইয়াছে, কর্তৃপক্ষের লিখিত পূর্বানুমোদন ব্যতিরেকে উহা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাইবে না।
(৩) সরকারি বা রাষ্ট্রায়ত্ত কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবহারের অতিরিক্ত বা অব্যবহৃত ভূমিতে শিল্পাঞ্চল বা শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা বরাদ্দের ক্ষেত্রে নতুন করিয়া ভূমি অধিগ্রহণের প্রয়োজন হইবে না; কর্তৃপক্ষ উক্তরূপ ভূমি চিহ্নিত করিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মতামত গ্রহণপূর্বক অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (CCEA) অনুমোদনক্রমে উহা উপযুক্ত শর্তে বরাদ্দ প্রদান করিতে পারিবে।
১৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ শিল্পাঞ্চলে ডেভেলপার ও অপারেটর নিয়োগ করিতে পারিবে এবং ডেভেলপার ও অপারেটর নিয়োগের শর্তাবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
(২) সরকার, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বাংলাদেশ সরকার ও অন্য কোনো দেশের সরকারের মধ্যে অংশীদারিত্ব বা উদ্যোগে অথবা এক বা একাধিক সরকারি সংস্থা বা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতায় বা অংশীদারিত্বে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে ডেভেলপার ও অপারেটর নিয়োগ করিতে পারিবে।
১৯। কোনো শিল্পাঞ্চলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শিল্প প্রকল্প বা উদ্যোগ, বাণিজ্যিক বা সেবাধর্মী প্রতিষ্ঠান বা অনুমোদিত অর্থনৈতিক পরিচালনার অনুমতি প্রাপ্ত হইলে, কর্তৃপক্ষ তৎকর্তৃক নির্ধারিত শর্তাবলি সাপেক্ষে, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভূমি, ভবন, স্থান বা ভবনের স্পেস বরাদ্দ প্রদান করিবে অথবা ভাড়ার ভিত্তিতে বা অন্য কোনোভাবে ইজারা প্রদান করিতে পারিবে।
২০। (১) কোনো অনুমোদিত শিল্প প্রকল্প, ডেভেলপার, অপারেটর, অনুমতিপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আইন বা তদধীন প্রণীত কোনো বিধি-বিধান লঙ্ঘন করিলে অথবা অনুমোদন/নিবন্ধন পত্র, অনুমতিপত্র, বরাদ্দপত্র, ইজারা বা ভাড়ার কোনো আদেশ বা শর্ত ভঙ্গ করিলে, কর্তৃপক্ষ, উক্ত অনুমোদন, অনুমতিপত্র, বরাদ্দ, ইজারা বা ভাড়া স্থগিত বা বাতিল করিতে পারিবে।
(২) উপ-ধারা (১)-এর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, কর্তৃপক্ষ কোনো ডেভেলপারকে প্রদত্ত অনুমতিপত্র স্থগিত বা বাতিল করিতে পারিবে, যদি উক্ত ডেভেলপার-
(ক) এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধান বর্ণিত দায়িত্ব ও কার্যাবলি সম্পাদনে অসমর্থ হয়;
(খ) সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ বা নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন করিতে ব্যর্থ হয়;
(গ) অনুমতিপত্রের কোনো শর্ত ভঙ্গ করে; অথবা
(ঘ) অনুমতিপত্রে আরোপিত দায়িত্ব ও বাধ্যবাধকতা আর্থিক বা অন্য কোনো কারণে দক্ষতার সহিত প্রতিপালন করিতে ব্যর্থ হয়।
(৩) শিল্পাঞ্চল স্থাপনের জন্য বরাদ্দপ্রাপ্ত ভূমি অথবা ইজারা বা ভাড়ায় গৃহীত ভবন বা স্পেস অনুমোদিত/নিবন্ধিত শিল্প, সংশ্লিষ্ট ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প বা অনুমোদিত অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হইলে, কর্তৃপক্ষ উক্ত বরাদ্দ, ইজারা বা ভাড়া বাতিল করিতে পারিবে।
(৪) এই ধারার অধীন অনুমোদন/নিবদ্ধন, অনুমতিপত্র, বরাদ্দ, ইজারা বা ভাড়া স্থগিত বা বাতিলকরণ, বকেয়া ইজারার অর্থ বা ভাড়া আদায়ের পদ্ধতি প্রবিধি দ্বারা নির্ধারিত হইবে।