প্রিন্ট ভিউ
ষষ্ঠ অধ্যায়
বিশেষ সুবিধা ও প্রণোদনা, ইত্যাদি
২১। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্ট মেয়াদের জন্য-
(ক) শিল্পাঞ্চলের অভ্যন্তরে অবস্থিত শিল্প প্রকল্প/প্রতিষ্ঠান এর জন্য বিশেষ শুল্ক সুবিধা প্রদান করিতে পারিবে এবং “কাস্টমস আইন, ২০২৩” (২০২৩ সনের ৫৭ নং আইন) এর বিধান অনুযায়ী শিল্পাঞ্চলে স্থাপিত প্রতিষ্ঠানসমূহের আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিশেষ ব্যবস্থা প্রবর্তন করিতে পারিবে; এবং
(খ) এ আইনের অধীনে নিবন্ধিত শিল্পাঞ্চলের বহিস্থ নিবন্ধিত শিল্প প্রকল্প/প্রতিষ্ঠান এর জন্যও বিশেষ শুল্ক সুবিধা প্রদান করিতে পারিবে এবং “কাস্টমস আইন, ২০২৩” (২০২৩ সনের ৫৭ নং আইন) এর বিধান অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানসমূহের আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিশেষ ব্যবস্থা প্রবর্তন করিতে পারিবে।
(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, খাতভিত্তিক শিল্প প্রকল্প/প্রতিষ্ঠানসমূহ, বিনিয়োগকারী, ডেভেলপার, অপারেটর ও পিপিপি প্রকল্পসমূহের জন্য আর্থিক ও অ-আর্থিক প্রণোদনা ও সুবিধাদি প্রদান করিতে পারিবে।
(২) তবে, উপধারা (১) এ যাহাকিছুই থাকুক না কেনো শিল্পাঞ্চলে স্থাপিত শিল্প প্রকল্প/প্রতিষ্ঠানসমূহের জন্য বিশেষ আর্থিক ও অ-আর্থিক প্রণোদনা ও সুবিধাদি প্রদান করিতে পারিবে।
২৩। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার “কাস্টমস আইন, ২০২৩” ব্যতীত (২০২৩ সনের ৫৭ নং আইন) যথাযথভাবে অনুসরণপূর্বক কোনো শিল্পাঞ্চলের প্রয়োজন বিবেচনায় উক্ত শিল্পাঞ্চলসহ বাংলাদেশের যেকোনো স্থানে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল, প্যাকেজিং সামগ্রী, আধা-প্রক্রিয়াজাত দ্রব্যাদি এবং আনুষঙ্গিক দ্রব্যাদি আমদানি, সংরক্ষণ ও সরবরাহের জন্য উক্ত শিল্পাঞ্চল বা কর্তৃপক্ষের আওতাধীন যে কোনো স্থানকে বা কর্তৃপক্ষে নিবন্ধিত যে কোনো শিল্প প্রকল্প/প্রতিষ্ঠানের জমিকে সরকারি ওয়্যারহাউজ ঘোষণা করিতে পারিবে।
২৪। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, শিল্পাঞ্চলের বাইরে কর্তৃপক্ষে নিবন্ধিত যে কোনো শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী, কাঁচামাল ও মোড়ক-উপকরণ আমদানির জন্য আমদানি স্বত্বের প্রয়োজন হইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কর্তৃপক্ষের নিকট গাইডলাইন দ্বারা নির্ধারিত পদ্ধতি ও ফরমে আবেদন করিতে হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত আবেদন বিবেচনার পর কর্তৃপক্ষ আবেদনকারী প্রতিষ্ঠানের প্রকৃতি ও প্রয়োজন বিবেচনা যথাযথ প্রাপ্তিসাপেক্ষে উপযুক্ত বিবেচনায় যাহাতে উক্ত যন্ত্রপাতি, যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী, কাঁচামাল ও মোড়ক-উপকরণ আমদানি করা যায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আমদানি অনুমতি (Import Permit) ছাড়পত্র প্রদান করিবে। রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কর্তৃপক্ষ প্রয়োজনীয় রপ্তানি অনুমতি (Export Permit) প্রদান করিবে।
(৩) শিল্পাঞ্চলে অবস্থিত কোনো শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী, কাঁচামাল ও মোড়ক-উপকরণ আমদানির প্রয়োজন হইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কর্তৃপক্ষের নিকট শিল্পাঞ্চলের জন্য নির্ধারিত পদ্ধতি ও ফরমে আবেদন করিতে হইবে।
(৪) উপ-ধারা (৩) এর অধীন প্রাপ্ত আবেদন বিবেচনার পর কর্তৃপক্ষ সেই অনুযায়ী যাহাতে উক্ত যন্ত্রপাতি, যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী, কাঁচামাল ও মোড়ক-উপকরণ আমদানি করা যায় তজ্জন্য কর্তৃপক্ষ সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় আমদানি অনুমতি (Import Permit) প্রদান করিবে। রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কর্তৃপক্ষ প্রয়োজনীয় রপ্তানি অনুমতি (Export permit) প্রদান করিবে।
২৫। কর্তৃপক্ষ কোনো শিল্পাঞ্চলে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যাংককে অনুমতি প্রদান করিতে পারিবে।
২৬। সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো শিল্পাঞ্চলের ডেভেলপার, অপারেটর বা উহাতে অবস্থিত কোনো শিল্প প্রতিষ্ঠান/প্রকল্প কে নিম্নবর্ণিত সকল বা যেকোনো আইনের সকল বা যেকোনো বিধান হইতে অব্যাহতি দিতে পারিবে, অথবা এই মর্মে নির্দেশ দিতে পারিবে যে, উক্ত সকল বা যেকোনো আইনের বিধানাবলি, উক্ত প্রজ্ঞাপনে বিধৃত পরিবর্তন বা সংশোধন সাপেক্ষে প্রযোজ্য হইবে, যথা:-
(ক) Municipal Taxation Act, 1881 (Act No. XI of 1881);
(খ) Explosives Act, 1884 (Act No. IV of 1884);
(গ) Stamp Act, 1899 (Act No. II of 1809);
(ঘ) Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947);
(ঙ) Building Construction Act, 1952 (E. B. Act No. II of 1953);
(চ) অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ (২০০৩ সনের ৭ নং আইন);
(ছ) স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন);
(জ) জেলা পরিষদ আইন, ২০০০ (২০০০ সনের ১৯ নং আইন);
(ঝ) স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন);
(ঞ) স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন);
(ট) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭নং আইন);
(ঠ) বিদ্যুৎ আইন, ২০১৮ (২০১৮ সনের ৭ নং আইন);
(ড) বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ৬ নং আইন);
(ঢ) আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন);
(ণ) ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ (২০২৩ সনের ৩১ নং আইন);
(ত) সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্য কোনো আইন।
২৭। কোনো শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো রয়্যালটি বা কারিগরি জ্ঞান বা কারিগরি সহায়তা ফি, ফ্রাঞ্চাইজ ফি প্রদেয় হইলে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানকে, কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, উক্ত রয়্যালটি বা ফি নির্ধারণের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে হইবে এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রয়্যালটি বা ফি সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় হইবে।