প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

( ২০২৬ সনের ১০৪ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, কর্তৃপক্ষের দায়িত্ব, ইত্যাদি

কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি

৬। কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-

(১) সাধারণ বিনিয়োগ সংক্রান্ত দায়িত্ব:

(ক) দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিতকরণ, দেশে ও বিদেশে উহার প্রচার ও প্রসার, বিনিয়োগ উন্নয়নে নিয়োজিত দেশি, বিদেশি ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে সমন্বয় সাধন;

(খ) দেশি ও বিদেশি পুঁজি বিনিয়োগ বিকাশের জন্য আর্থিক ও অ-আর্থিক সুযোগ, সুবিধা ও প্রণোদনার প্রস্তাব অনুমোদন;

(গ) বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিমালা, গাইডলাইন, নির্দেশিকা, আদর্শ পরিচালনা পদ্ধতি (Standard Operating Procedure- SOP) প্রণয়ন এবং বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিতপূর্বক উহা দূরীকরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সহিত যোগাযোগ, সমন্বয় ও বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ;

(ঘ) দেশি-বিদেশি অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ উদ্যোগের অনুমোদন;

(ঙ) শিল্প-বিনিয়োগ পুঁজি গঠন ও ব্যাংকিং খাতের বিনিয়োগ সহজলভ্যকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বা সুপারিশ প্রদান;

(চ) পশ্চাৎ সংযোগ শিল্প শক্তিশালীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ;

(ছ) শিল্প, শাখা অফিস, লিয়াজোঁ অফিস, প্রতিনিধি অফিস, প্রকল্প অফিস, বায়িং হাউসসহ সকল ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সমজাতীয় অন্যান্য সকল প্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিদেশি কর্মকর্তা, বিশেষজ্ঞ, কর্মচারী বা পরামর্শক নিয়োগের শর্তাবলি, কার্যপরিধি নির্ধারণ, ভিসা সুপারিশ ও কর্মানুমতি প্রদান এবং প্রযুক্তি হস্তান্তর, পর্যায়ক্রমিক স্থানীয় উৎপাদন, কারিগরি উত্তম চর্চা (Best Practices) প্রণয়ন ও বাস্তবায়ন;

(জ) আন্তর্জাতিক, আঞ্চলিক, দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকারকে চুক্তিসমূহের খসড়া প্রণয়নে সহায়তা ও পরামর্শ প্রদান, অনাপত্তি প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণ;

(ঝ) সকল প্রকার শিল্পের উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও উহাদের তথ্য ভান্ডার স্থাপন।

(ঞ) সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি বা স্থাপনা, শেয়ার, স্বত্ব বা সংশ্লিষ্ট অধিকার অধিকতর উপযোগী অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের লক্ষ্যে চিহ্নিতকরণ, মূল্যায়ন এবং হস্তান্তর, বরাদ্দ, ইজারা, ভাড়া বা কৌশলগত বিক্রয়ের ক্ষেত্রে সরকারকে পরামর্শ প্রদান।

(২) শিল্পাঞ্চল সংক্রান্ত দায়িত্ব:

(ক) শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও উহার পরিচালনার জন্য উপযুক্ত এলাকা, ভূমি, ভবন বা স্থান নির্বাচন, প্রয়োজনে, অধিগ্রহণ, বিভাজন, বরাদ্দ, ইজারা বা ভাড়া প্রদান, এতদ্‌সংক্রান্ত শর্তাবলি নির্ধারণ এবং শিল্পাঞ্চল, শিল্প ইউনিট বা শিল্প প্রকল্প স্থাপনে ক্ষেত্রমত, সম্মতি বা অনুমোদন প্রদান;

(খ) অবকাঠামোসহ স্থানীয় সম্পদের প্রাপ্যতা, সড়ক ও যোগাযোগ সুবিধা, ভ্রমণ ও ব্যাংকিং সুবিধা এবং দক্ষ জনবলের প্রাপ্যতার ভিত্তিতে গুচ্ছনীতির আলোকে ভূমির অধিকতর দক্ষ ব্যবহার নিশ্চিত করার নিমিত্তে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য উপযুক্ত এলাকা, ভূমি, ভবন বা স্থান নির্বাচন ও চিহ্নিতকরণসহ সম্মতি বা অনুমোদন প্রদান এবং এতদ্‌সংক্রান্ত শর্তাবলি নির্ধারণ;

(গ) নিজস্ব উদ্যোগে বা সরকারি ও বেসরকারি অংশীদারিত্বমূলক উদ্যোগে চিহ্নিত শিল্পাঞ্চলের জন্য প্রয়োজনে ভূমি অধিগ্রহণ ও বিভাজন এবং সরকারের পক্ষ হইতে অধিগ্রহণকৃত ভূমির দখল গ্রহণ;

(ঘ) নিজস্ব উদ্যোগ বাস্তবায়ন ও ব্যবস্থাপনার জন্য চিহ্নিত শিল্পাঞ্চলে শিল্প ইউনিট, শিল্প প্রকল্প, ব্যবসায়িক ও সেবামূলক প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে, নির্ধারিত পদ্ধতিতে, আবেদনপ্রার্থী বিনিয়োগকারীগণের নিকট প্রতিযোগিতামূলক ব্যবসায়িক ভিত্তিতে ভূমি, ভবন বা স্থান বরাদ্দ, ইজারা বা ভাড়া প্রদান এবং ক্ষেত্রমত শিল্প ইউনিট বা শিল্প প্রকল্প স্থাপনে সম্মতি বা অনুমোদন প্রদান;

(ঙ) শিল্পাঞ্চলের ভূমি উন্নয়ন, স্থাপনা বা অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ বা ব্যবস্থাপনার জন্য ডেভেলপার বা ক্ষেত্রমত অপারেটর নিয়োগ;

(চ) শিল্পাঞ্চল ও সংশ্লিষ্ট অবকাঠামোগত সুবিধার উন্নয়ন, ব্যবস্থাপনা, পরিবীক্ষণ, তত্ত্বাবধান ও সমন্বয় সাধন;

(ছ) শিল্পাঞ্চল সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা বা জটিলতা নিরসনে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং শিল্পাঞ্চলের অবকাঠামো উন্নয়নে নিজস্ব ও শিল্পাঞ্চল ডেভেলপারের কার্যক্রম পরিবীক্ষণের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন নিশ্চিতকরণ;

(জ) শিল্পাঞ্চলের পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিকসহ অন্যান্য ক্ষেত্রের অঙ্গীকারসমূহ বাস্তবায়নে উপযুক্ত পদক্ষেপ গ্রহণসহ, প্রযোজ্য আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি ও বিধি-বিধান পরিপালনে দক্ষ ব্যবস্থাপনা ও পরিবীক্ষণ কার্যক্রম উৎসাহিত ও নিশ্চিতকরণ এবং শ্রেণিভিত্তিক শিল্পের জন্য পৃথক শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করিয়া দূষণপ্রবণ বা অপরিকল্পিতভাবে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানসমূহ স্থানান্তরের জন্য ব্যবসায়ী সংগঠনসমূহকে উৎসাহিতকরণ;

(ঝ) শিল্পাঞ্চল পরিচালনার জন্য শিল্পাঞ্চল ডেভেলপার ও শিল্প ইউনিটসমূহের প্রয়োজনীয় সেবা যেমন- শিল্পাঞ্চলের ভূমি নির্বাচনের অনুমতি, শিল্পাঞ্চল ঘোষণা, ক্লিয়ারেন্সসমূহ, সার্টিফিকেটসমূহ, সার্টিফিকেট অব অরিজিন, পারমিট ফর রিপ্যাট্রিয়েশন অব ক্যাপিটাল এন্ড ডেভিডেন্ডস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, আমদানি ও রপ্তানি পারমিট, নির্মাণ পারমিটসহ যে কোনো প্রকারের আইনগত দলিল, ইত্যাদি এ আইনের অধীনে প্রতিষ্ঠিত সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে প্রদানের ব্যবস্থা গ্রহণ;

(ঞ) দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করিবার মাধ্যমে দক্ষ শ্রমশক্তির কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং স্থানীয় অর্থনীতির চাহিদা পূরণের লক্ষ্যে শিল্পাঞ্চলের অভ্যন্তরে ও বহির্ভূত স্থানে পশ্চাৎ সংযোগ শিল্প স্থাপন;

(ট) অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদন ও সেবা খাতের পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে দেশের শিল্পনীতির বাস্তবায়ন ত্বরান্বিতকরণ;

(ঠ) শিল্পাঞ্চল হিসাবে ঘোষিত এলাকাসমূহকে শিল্পনগরী, কৃষিভিত্তিক শিল্পাঞ্চল, বাণিজ্যিক এলাকা হিসাবে উন্নয়নক্রমে ব্যাংকিং খাতের বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করিয়া প্রশিক্ষিত শ্রমিক ও দক্ষ সেবা প্রদান সহজলভ্যকরণ;

(ড) শিল্পাঞ্চলের অভ্যন্তরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য আকর্ষণীয় পরিবেশ ও সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে গুচ্ছনীতির আলোকে এলাকা বিভাজনের মাধ্যমে অবকাঠামোসহ স্থানীয় সম্পদের প্রাপ্যতার ভিত্তিতে ভূমির অধিকতর দক্ষ ব্যবহার নিশ্চিতকরণ;

(ঢ) শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাহাদের কল্যাণ নিশ্চিতকরণ এবং মালিক ও শ্রমিক-কর্মচারীদের মধ্যে সুষ্ঠু সম্পর্ক প্রতিষ্ঠায় সরকার কর্তৃক সময়ে সময়ে প্রণীত আইন ও বিধানাবলি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ;

(ণ) নিজস্ব উদ্যোগ বাস্তবায়ন ও ব্যবস্থাপনার জন্য শিল্পাঞ্চলের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন;

(ত) শিল্পাঞ্চলের উন্নয়ন ও পরিচালনায় সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বকে উৎসাহিতকরণ।

(গ) পিপিপি সংক্রান্ত দায়িত্ব:

(ক) পিপিপি-সম্পর্কিত নীতিমালা, নির্দেশনা, গাইডলাইন ও কার্যপ্রণালিবিধি বা আদর্শ পরিচালনা পদ্ধতি (Standard Operating Procedure- SOP) প্রণয়ন;

(খ) পিপিপি প্রকল্পভিত্তিক বিশেষ সুযোগ-সুবিধা, প্রণোদনা, সরকারি আর্থিক অংশগ্রহণ বা সহায়ক সুবিধাদি নির্ধারণ, সিদ্ধান্ত প্রদান বা সুপারিশ করা;

(গ) পিপিপি প্রকল্প বিষয়ে, ক্ষেত্রমত, সম্মতি প্রদান, প্রকল্প কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান, প্রাক-যোগ্যতা ও দরপত্র দলিল প্রণয়ন, বেসরকারি অংশীদার নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ ও নির্বাচিত দরদাতা অনুমোদন;

(ঘ) পিপিপি চুক্তির নমুনা প্রণয়ন, পিপিপি কর্তৃপক্ষের অধীনে ন্যস্ত প্রকল্পের ক্ষেত্রে চুক্তি অনুমোদন ও স্বাক্ষর এবং প্রযোজ্য ক্ষেত্রে চুক্তির সমাপ্তি অনুমোদন;

(ঙ) পিপিপি প্রকল্প পর্যালোচনা, অগ্রগতি মূল্যায়ন, পরিবীক্ষণ, তত্ত্বাবধান ও সমন্বয় সাধন;

(চ) পিপিপি প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা বা জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

(ছ) পিপিপি প্রকল্পের জন্য পরামর্শক বা বিশেষজ্ঞ বা উভয়ের জন্য প্যানেল প্রস্তুত করা এবং নির্ধারিত পদ্ধতিতে উক্ত প্যানেল হইতে পরামর্শক বা বিশেষজ্ঞ নির্বাচন প্রক্রিয়াকরণ।

(ঘ) বিবিধ দায়িত্ব:

(ক) এই আইনে বর্ণিত অন্যান্য কার্য সম্পাদন;

(খ) কর্মকর্তা ও কর্মচারীদের প্রণোদনা, ভাতা, ঋণ সুবিধাসহ কল্যাণমূলক অন্যান্য সুযোগ-সুবিধাদির উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন; এবং

(গ) সরকার বা গভর্নিং বোর্ড কর্তৃক, সময় সময়, অর্পিত যেকোনো কার্য সম্পাদন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs