প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
সপ্তম অধ্যায়
বেসরকারি খাতে শিল্প প্রকল্প নিবন্ধন, বাতিল, অনিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান নিবন্ধীকরণ, ইত্যাদি
২৮। (১) আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো কর্তৃপক্ষ বা সংস্থার আওতাধীন শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যতীত যে কোনো বেসরকারি খাতে শিল্প স্থাপনে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে তাহার প্রস্তাবিত শিল্প প্রকল্পের জন্য নিবন্ধন চাহিয়া কর্তৃপক্ষের নিকট গাইডলাইনে উল্লিখিত পদ্ধতিতে আবেদন করিতে হইবে। শিল্প প্রকল্পের নিবন্ধনের পদ্ধতি, শর্তাদি, নিবন্ধনপত্র সংশোধন এবং বাতিলের পদ্ধতি গাইডলাইন দ্বারা নির্ধারিত হইবে।
(২) উপ-ধারা (১)-এর অধীন প্রাপ্ত আবেদন বিবেচনার সুবিধার্থে কর্তৃপক্ষ আবেদনকারীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে এবং প্রস্তাবিত শিল্প প্রকল্প-সম্পর্কিত কোনো বিষয়ে সংশ্লিষ্ট অন্য যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির পরামর্শ গ্রহণ করিতে পারিবে।
(৩) উপ-ধারা (১)-এর অধীন প্রাপ্ত আবেদন নিবন্ধনযোগ্য বলিয়া বিবেচিত হইলে কর্তৃপক্ষ প্রকল্পটি নিবন্ধন করিবে এবং আবেদনকারীকে একটি নিবন্ধনপত্র প্রদান করিবে এবং উক্ত নিবন্ধনপত্রে প্রকল্পটি বাস্তবায়ন এবং উহাতে উৎপাদন শুরু করিবার সময়সীমা নির্ধারণ করিবে।
(৪) উপ-ধারা (৩)-এর অধীন কোনো শিল্প প্রকল্প নিবন্ধনকালে কর্তৃপক্ষ প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয় সম্পর্কে, বিশেষ করিয়া, নিম্নবর্ণিত সকল বা যেকোনো বিষয়ে, প্রাসঙ্গিকতা সাপেক্ষে, উহার সুস্পষ্ট সিদ্ধান্ত প্রদান করিবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের নিকট উহা প্রেরণ করিবে, যথা:-
(ক) বৈদেশিক ঋণ, সরবরাহকারী ঋণ (Supplier’s Credit) ও বিলম্বিত ঋণের পরিমাণ ও শর্তাবলি;
(খ) সরকার বা অন্য কোনো স্থানীয় সরকার বা কর্তৃপক্ষের বা সংস্থার মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন শিল্প এলাকায় জমি বরাদ্দ;
(গ) আমদানিকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী ও কাঁচামালের ক্ষেত্রে শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক ছাড়করণের সময়সীমা;
(ঘ) পরিবেশ, অগ্নিনিরাপত্তা, নির্মাণ, বয়লার, বিস্ফোরক, মাদক সম্পর্কিত ছাড়পত্র/সনদ প্রদান/নবায়নের সময়সীমা; এবং
(ঙ) ভিসা, কর্মানুমতি, কর্মানুমতির বিপরীতে নিরাপত্তা ছাড়পত্র প্রদানের সময়সীমা;
(চ) বিদ্যুৎ, গ্যাস, পয়ঃপ্রণালির সংযোগ, টেলিযোগাযোগ স্থাপন এবং পানির সংযোগসহ প্রয়োজনীয় সকল ধরনের ইউটিলিটি সেবাসমূহ প্রদানের সময়সীমা;
(ছ) শিল্প, শিল্পাঞ্চল, পিপিপি প্রকল্প, শাখা, লিয়াজোঁ অফিস, প্রতিনিধি অফিস, প্রকল্প অফিস, এতদসংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন/পরিচালনার জন্য প্রয়োজনীয় যে কোনো ধরনের সেবা/নিবন্ধন/লাইসেন্স/অনুমতি/অনুমোদন/ছাড়পত্র/অনাপত্তি পত্র প্রদান অথবা নবায়নের সময়সীমা;
(৫) উপ-ধারা (৪)-এ বর্ণিত এতদসংশ্লিষ্ট যেকোনো ধরনের সেবা/নিবন্ধন/লাইসেন্স/অনুমতি/ অনুমোদন/ছাড়পত্র/অনাপত্তিপত্র প্রদান অথবা নবায়নের ক্ষেত্রে এই কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত সরকার বা আইন অনুযায়ী সিদ্ধান্ত প্রদানে ক্ষমতাপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলিয়া গণ্য হইবে এবং তদানুযায়ী উহা বাস্তবায়ন করিতে হইবে।
(৬) উপ-ধারা (৪) এর অধীন কোনো ব্যক্তি বা সংস্থা বা কর্তৃপক্ষের নিকট কোনো সিদ্ধান্ত প্রেরণ করিলে উক্ত ব্যক্তি বা সংস্থা বা কর্তৃপক্ষ উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করিবে।
(৭) সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা, দপ্তর বা কর্তৃপক্ষ উপ-ধারা (৫) ও (৬)-এর অধীন এই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ বা অপারগ হইলে, এই কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনাপূর্বক লঙ্ঘনকারী ব্যক্তি, সংস্থা, দপ্তর বা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে যথাযথ নির্দেশ বা সুপারিশ প্রদান করিতে পারিবে। উক্ত নির্দেশ বা সুপারিশ অনুযায়ী উপ-ধারা (৫) ও (৬) লঙ্ঘনকারী ব্যক্তি, সংস্থা, দপ্তর বা কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা, দপ্তর বা কর্তৃপক্ষ বাধ্য থাকিবে।
(৮) কোনো ব্যক্তি, কর্তৃপক্ষের পূ্র্বানুমতি ব্যতিরেকে, উপ-ধারা (৪) এর অধীন প্রদত্ত কোনো সুবিধা সংশ্লিষ্ট শিল্প প্রকল্প ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করিতে পারিবেন না অথবা অনুমোদিত শিল্পের ধরন পরিবর্তন অথবা মালিকানার পরিবর্তন করিতে পারিবেন না।
(৯) অনুমোদিত শিল্প প্রকল্প “কোম্পানী আইন, ১৯৯৪” (১৯৯৪ সনের ১৮নং আইন) এর অধীন নিবন্ধিত কোনো কোম্পানি হইলে উহার মূলধন ইস্যুকরণ ও শেয়ার বিক্রয় সম্পর্কিত যাবতীয় বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে কর্তৃপক্ষ সরকারের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পাদন করিতে পারিবে।
(১০) কোনো শিল্প প্রকল্প উহার অনুমোদনপত্রে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন এবং উৎপাদন শুরু করিবার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হইলে উহা দূরীকরণের জন্য সংশ্লিষ্ট উদ্যোক্তা কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে পারিবে এবং উক্তরূপ আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ যথাযথ সহায়তা প্রদান করিবে।
(১১) অনুমোদিত শিল্প প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে কর্তৃপক্ষ সময় সময় প্রকল্প উদ্যোক্তার নিকট হইতে প্রয়োজনীয় তথ্য তলব করিতে পারিবে।