প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

( ২০২৬ সনের ১০৪ নং আইন )

নবম অধ্যায়

সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ইহাদের অব্যবহৃত জমি বা স্থাপনা বরাদ্দ প্রদান, ইত্যাদি

সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ইহাদের অব্যবহৃত জমি বা স্থাপনা অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার

৪৮। (১) দেশে বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতে শিল্প স্থাপন ও সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ইহাদের অব্যবহৃত জমি বা স্থাপনা, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় (Strategic Divestiture) এবং অধিকতর উপযোগী অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সরকার নীতিমালা প্রণয়ন করিবে: তবে শর্ত থাকে যে, অনুরূপ নীতিমালা প্রণীত না হওয়া পর্যন্ত, কর্তৃপক্ষ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, সরকার কর্তৃক সময় সময় জারিকৃত বিশেষ বা সাধারণ আদেশের মাধ্যমে উক্ত হস্তান্তর বা কৌশলগত বিক্রয় কার্যক্রম সম্পন্ন করিতে পারিবে।

(২) সরকার বরাদ্দযোগ্য সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধিকতর উপযোগী অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য হস্তান্তর বা বরাদ্দ প্রদান বা কৌশলগত বিক্রয়ের লক্ষ্যে সামগ্রিকভাবে উক্ত শিল্প বা প্রতিষ্ঠান বা উহার অংশবিশেষ, মেশিনারি বা অব্যবহৃত জমি বা স্থাপনার তালিকা করিবে, যাহাতে ইহার সংক্ষিপ্ত ইতিবৃত্ত, আনুমানিক মূল্য এবং সম্পদ ও দায়-দেনা সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা থাকিবে।

(৩) উপ-ধারা (২) এর অধীন তালিকাভুক্ত কোনো সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও উহার অব্যবহৃত মেশিনারি, জমি বা স্থাপনা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হইলে কর্তৃপক্ষ উহার হস্তান্তর বা বরাদ্দ প্রদান, বা কৌশলগত বিক্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।

(৪) দেশি-বিদেশি আগ্রহী বিনিয়োগকারীগণ অংশীদারিত্বের ভিত্তিতে উক্তরূপ সরকারি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য বরাদ্দ বা কৌশলগত বিক্রয়ের মাধ্যমে গ্রহণ করিতে পারিবেন এবং অব্যবহৃত জমি লীজ গ্রহণ করিতে পারিবেন, এবং এতদুদ্দেশ্যে চুক্তিপত্র সম্পাদিত হইবে।

(৫) এই ধারার অধীন কোনো সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ইহার অব্যবহৃত জমি বা স্থাপনা বরাদ্দ, হস্তান্তর বা কৌশলগত বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ কর্তৃপক্ষ কোনো তফসিলি ব্যাংকে একটি পৃথক হিসাবে জমা রাখিবে, এবং উক্ত অর্থ হইতে সংশ্লিষ্ট শিল্প বা প্রতিষ্ঠানের পূর্বের দায়-দেনা প্রচলিত আইন অনুযায়ী পরিশোধ করা হইবে এবং অবশিষ্ট অর্থ প্রজাতন্ত্রের সংযুক্ত তহবিলে জমা করিতে হইবে।

(৬) এই ধারার অধীন কোনো সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য হস্তান্তর বা বরাদ্দ প্রদান বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত চুক্তি প্রণয়নকালে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণ যাহাতে তাহাদের প্রাপ্য ন্যায্য পাওনা হইতে বঞ্চিত না হন সরকার সেই বিষয়ে প্রচলিত আইন ও এতদ্‌বিষয়ে অন্যান্য নীতি অনুসরণ করিয়া প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিবে। 


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs