প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

( ২০২৬ সনের ১০৪ নং আইন )

একাদশ অধ্যায়

পরিদর্শন, তদন্ত, বিশেষাধিকার, ইত্যাদি

কর্তৃপক্ষের বিশেষ অধিকার

৫২। কর্তৃপক্ষের নিম্নবর্ণিত বিশেষ অধিকার থাকিবে, যথা:-

(ক) শিল্পাঞ্চলে স্থাপিত কোনো কোম্পানি, শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যক্তি বা প্রকল্প-কোম্পানির নিকট কর্তৃপক্ষের কোনো পাওনা, মূল্য, বকেয়া, ফি, সার্ভিস চার্জ, ক্ষতিপূরণ বা ক্ষতির অর্থ অনাদায়ী থাকিলে, উহা উক্ত কোম্পানি, প্রতিষ্ঠান, ব্যক্তি বা প্রকল্প-কোম্পানির নিকট হইতে আদায়যোগ্য হইবে, এবং উক্ত পাওনা পরিশোধে ব্যর্থতার ক্ষেত্রে কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট মালিক, পরিচালক বা পরিচালনা পর্ষদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বা আইনগত কার্যধারা গ্রহণ করিতে পারিবে এবং উক্ত পাওনা The Public Demands Recovery Act, 1913 (No. III of 1913) এর বিধান অনুযায়ী সরকারি দাবি হিসাবে আদায় করিতে পারিবে;

(খ) কোনো মালিক, শ্রমিক, কর্মচারী, নির্বাহী বা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তি শ্রমিক অসন্তোষ, ধর্মঘট বা লক-আউট সৃষ্টিকারী কোনো কার্য বা প্ররোচনার সহিত জড়িত থাকিলে, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নির্ধারিত সময়ের জন্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখিবার নির্দেশ দিতে পারিবে এবং এ কারণে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ প্রদানের জন্য দায়ী হইবে না;

(গ) কর্তৃপক্ষের বকেয়া পাওনা, অন্যান্য পাওনা বা দায়-দেনা পরিশোধে ব্যর্থ হইলে, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মেশিনপত্র, যন্ত্রপাতি, কাঁচামাল অথবা অন্য কোনো পণ্য অপসারণ করিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত হারে বা কমিটির মাধ্যমে মূল্যায়নপূর্বক অন্য কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বরাদ্দ প্রদান করিতে পারিবে;

(ঘ) পূর্বোক্ত উপধারা (ক) এবং (খ) এ বর্ণিত কার্যক্রমের পরও কর্তৃপক্ষের পাওনা বকেয়া থাকিলে উক্ত পাওনা The Public Demands Recovery Act, 1913 (No. III of 1913) এর বিধান অনুযায়ী সরকারি দাবি হিসাবে আদায় করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs