প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

( ২০২৬ সনের ১০৪ নং আইন )

দ্বাদশ অধ্যায়

তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, প্রতিবেদন, ইত্যাদি

তহবিল

৫৩। (১) “ইনভেস্ট বাংলাদেশ তহবিল” নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে:-

(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান, ঋণ বা অন্য কোনো অর্থ;

(খ) স্থানীয় কর্তৃপক্ষ, সংবিধিবদ্ধ সংস্থা বা সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান বা অর্থ;

(গ) সরকারের অনুমোদন সাপেক্ষে, দেশীয় বা বিদেশি উৎস হইতে গৃহীত ঋণ, অনুদান বা আর্থিক সহায়তা;

(ঘ) কর্তৃপক্ষের অধীনস্থ অন্য কোনো এলাকা, ভূমি, প্লট, ভবন বা ভবনের স্পেস বরাদ্দ, ইজারা, ভাড়া বা ব্যবহারের বিপরীতে প্রাপ্ত অর্থ;

(ঙ) কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সেবা, অনুমতি, নিবন্ধন, ছাড়পত্র, প্রকল্প উন্নয়ন, পরামর্শ, সহায়তা বা অন্য কোনো কার্যক্রমের বিপরীতে প্রাপ্ত ফি, সার্ভিস চার্জ, প্রকল্প উন্নয়ন ফি, সাকসেস (Succession) ফি বা অন্য কোনো চার্জ;

(চ) সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব, যৌথ উদ্যোগ, ডেভেলপার নিয়োগ, প্রকল্প বাস্তবায়ন বা কর্তৃপক্ষের অনুমোদিত অন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হইতে প্রাপ্ত মুনাফা, আয় বা অর্থ;

(ছ) কর্তৃপক্ষ কর্তৃক অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ।

(২) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ব্যাতীত তহবিলের অন্যান্য অর্থ সরকার অনুমোদিত কোনো তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা, উত্তোলন ও ব্যয় করা যাইবে।

(৩) তহবিল হইতে কর্তৃপক্ষের সমুদয় ব্যয় নির্বাহ করা হইবে।

(৪) সংশ্লিষ্ট অর্থ-বৎসরে কর্তৃপক্ষের ব্যয় নির্বাহের পর তহবিলে কোনো অর্থ উদ্বৃত্ত থাকিলে, উক্ত অর্থ কর্তৃপক্ষের তহবিলে জমা থাকিবে এবং পরবর্তী কার্যক্রমে ব্যবহার করা যাইবে।

(৫) কর্তৃপক্ষ, গভর্নিং বোর্ডের অনুমোদনক্রমে, তহবিলের অর্থ দ্বারা ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র ও নির্দিষ্ট মেয়াদী আমানত (FDR) ক্রয় করিতে পারিবে।

ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘তফসিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (P.O. 127 of 1972) এর Article 2 এর Clause (j)-তে সংজ্ঞায়িত Scheduled Bank-কে বুঝাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs