একাডেমিক কাউন্সিল
২৬। (১) নিম্নরূপ সদস্যগণের সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:
(ক) ভাইস-চ্যান্সেলর;
[(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস-চ্যান্সেলর;]
(গ) স্কুলসমূহের ডীন;
(ঘ) ডিসিপ্লিনের প্রধান;
(ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে নিযুক্ত, ডীনগণ এবং ডিসিপ্লিনের প্রধানগণ ব্যতীত, বিশ্ববিদ্যালয়ের অনধিক পঁচিশ জন অধ্যাপক;
(চ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক;
(ছ) অধিভুক্ত অংগ-মহাবিদ্যালয় ও ইনষ্টিটিউট হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত সাতজন অধ্যক্ষ, যাহাদের মধ্যে তিনজন কারিগরি ও পেশাদারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হইবেন;
(জ) গবেষণা সংস্থা ও উচ্চতর শিক্ষাকেন্দ্র হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাঁচজন ব্যক্তি;
(ঝ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক নির্বাচিত ডিসিপ্লিনের প্রধান নন বিশ্ববিদ্যালয়ের এমন দুইজন সহযোগী অধ্যাপক এবং দুইজন সহকারী অধ্যাপক।
(২) একাডেমিক কাউন্সিলের মনোনীত বা নির্বাচিত কোন সদস্য দুই বৎসরের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন এবং মনোনীত বা নির্বাচিত উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি ঐ পদে বহাল থাকিবেন :
তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি যদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপক বা কোন মহাবিদ্যালয় বা ইনষ্টিটিউটের অধ্যৰ অথবা গবেষণা সংস্থার সদস্য হিসাবে একাডেমিক কাউন্সিলের সদস্য হইয়া থাকেন, তাহা হইলে তিনি যতদিন পর্যন্ত অনুরূপ অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, অধ্যক্ষ বা সদস্য থাকিবেন ততদিন পর্যন্ত তিনি একাডেমিক কাউন্সিলের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন।