অর্থ-কমিটি
৩২। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা :-
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;
[(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, চ্যান্সেলর কতর্ৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর;]
(গ) কোষাধ্যক্ষ;
(ঘ) একাডেমিক কাউন্সিলের মনোনীত একজন ডীন;
(ঙ) সিন্ডিকেটের মনোনীত একজন ব্যক্তি;
(চ) সিনেটের মনোনীত একজন ব্যক্তি;
(ছ) সরকারের মনোনীত একজন সরকারী কর্মকর্তা যিনি কমপৰে যুগ্ম-সচিবের পদমর্যাদাসম্পন্ন হইবেন;
(জ) চ্যান্সেলরের মনোনীত একজন অর্থ-বিশারদ।
(২) হিসাব পরিচালক অর্থ-কমিটির সচিব হইবেন।
(৩) অর্থ-কমিটির কোন মনোনীত সদস্য দুই বৎসরের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন এবং মনোনীত উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি ঐ পদে বহাল থাকিবেন।
(৪) অর্থ-কমিটি-
(ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করিবে;
(খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ, তহবিল, সম্পদ ও হিসাব-নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দিবে;
(গ) সংবিধি দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর, সিনেট বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে।