হেডম্যান
৬৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, পার্বত্য জেলাসমূহে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য উহাদের প্রত্যেক মৌজায় হেডম্যান থাকিবেন, এবং তাঁহারা তহশীলদারের ক্ষমতাপ্রাপ্ত হইবেন৷
(২) ডেপুটি কমিশনার হেডম্যান নিযুক্ত করিবেন এবং অযোগ্যতা বা অসদাচরণের কারণে তিনি তাঁহাকে তাঁহার পদ হইতে অপসারণ করিতে পারিবেন৷
(৩) হেডম্যান নিয়োগ বা অপসারণের পূর্বে ডেপুটি কমিশনার চীফের সহিত পরামর্শ করিবেন৷
(৪) হেডম্যান সরকারী কর্মচারী বা প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি বলিয়া গণ্য হইবেন না৷
(৫) ডেপুটি কমিশনার, সরকারের পূর্বানুমোদনক্রমে, হেডম্যানের জন্য কমিশন, সম্মানী বা অন্যবিধ সুযোগ-সুবিধা নির্ধারণ করিবেন৷
(৬) ডেপুটি কমিশনার, সরকারের নির্দেশক্রমে বা পূর্বানুমোদনক্রমে, হেডম্যানকে অন্য কোন দায়িত্বও অর্পণ করিতে পারিবেন৷
(৭) চট্টগ্রাম বিভাগের কমিশনার অনুমোদন করিলে, চীফ যে মৌজার স্থায়ী বাসিন্দা সেই মৌজা তাঁহার খাস মৌজা বলিয়া গণ্য হইবে এবং সেই ক্ষেত্রে উক্ত মৌজার হেডম্যানের দায়িত্ব যথাযথভাবে পালন সাপেক্ষে তিনি তাঁহার সম্মানীর অতিরিক্ত হিসাবে হেডম্যানের প্রাপ্য সম্মানীও প্রাপ্ত হইবেন৷
(৮) ডেপুটি কমিশনার প্রয়োজনবোধে চীফকে একাধিক মৌজার হেডম্যান নিযুক্ত করিতে পারিবেন৷
(৯) উক্ত Regulation রহিত হইবার অব্যবহিত পূর্বে পার্বত্য জেলাসমূহে যাঁহারা হেডম্যান পদে নিযুক্ত ছিলেন তাঁহারা তাঁহাদের স্ব স্ব পদে বহাল থাকিবেন এবং এই ধারার অধীন নিযুক্ত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং কমিশন, সম্মানী বা অন্যবিধ সুযোগ-সুবিধা হিসাবে তাঁহারা যাহা ভোগ করিতেন তাহা, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, যথাযথভাবে পরিবর্তিত না হওয়া পর্যন্ত, ভোগ করিতে থাকিবেন৷